ট্রাফিক পুলিশের পিটুনিতে চালক আহত
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. শহীদ নামে এক পিকআপ ভ্যানের চালককে পিটিয়ে আহত করেছে পুলিশ।
চালককে আহত করা ও ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পিকআপের চালকেরা। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা অবরোধ চলে। অবরোধের পর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে চালকেরা অবরোধ তুলে নেন। চালকেরা অভিযোগ করেন, আসন্ন উপজেলা নির্বাচনের জন্য বারইয়ারহাট পৗর এলাকার পিকআপগুলো রিকুজিশন করলেও পুলিশ পৌর এলাকার বাইরের পিকআপগুলো রিকুজিশন না করে টাকা নিয়ে ছেড়ে দেয়। বারইয়ারহাটের চালকেরা টাকা নিয়ে বাইরের পিকআপগুলো ছেড়ে দেওয়ার প্রতিবাদ করলে মো. শহীদ নামের এক চালককে ট্রাফিক পুলিশ মোস্তফা পিটিয়ে আহত করেন।
বারইয়ারহাট পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন জানান, এখানে ৭৫টি পিকআপ আছে। একসময় গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় ট্রাফিক পুলিশকে প্রতি মাসে চালকেরা চাঁদা দিতেন। সম্প্রতি সরকার জরিমানা মওকুফ করে দেয়। এই ঘোষণায় পিকআপের মালিকেরা গাড়ির কাগজপত্র ঠিক করে। এর পরও ট্রাফিক পুলিশ চালকদের কাছে প্রতি মাসে ২০০ টাকা হারে চাঁদা দাবি করে। প্রতিবাদ করায় পুলিশ সদস্য মো. মোস্তফা এক চালককে পিটিয়ে আহত করেন। এর প্রতিবাদে চালকেরা মহাসড়ক অবরোধ করেন।
অভিযোগ সম্পর্কে বারইয়ারহাট পৌর বাজার এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের উপপরির্দশক মো. মোস্তফা চালকদের কাছে চাঁদা চাওয়ার বিষয় অস্বীকার করে বলেন, ‘আমি রাস্তায়ই থাকি না। প্রয়োজন পড়লে ডিউটি করতে রাস্তায় যাই। গতকাল শুক্রবার উপজেলা নির্বাচনের জন্য গাড়ি রিকুজিশন করতে গেলে অনেক গাড়িতে কাজগপত্র পাওয়া যায়নি। এ সময় চালকেরা গাড়ির মালিকদের নিয়ে আসেন। এ নিয়ে একটু ঝামেলা হয়। পরে তা মিটে গেছে।’