গাজীপুরে গৃহবধূর ছয় টুকরা লাশ, জুরাইনে স্কুলছাত্র ও গৃহবধূকে হত্যার অভিযোগ
ট্রাফিক পুলিশের ভবনে মস্তকবিহীন লাশ

রাজধানীতে ট্রাফিক পুলিশের একটি ভবনের ছাদ থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, পল্টন থানার পেছনে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালসংলগ্ন ওই ভবনের ছাদে গত সোমবার রাতে ওই ব্যক্তি খুন হয়েছেন।
এর আগে ১৯৯৯ সালের ২৫ মার্চ মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের পানির ট্যাংক থেকে জালাল আহমেদ নামের এক সোর্সের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় করা মামলার বিচার এখনো শেষ হয়নি।
গাজীপুরে গতকাল ভোরে এক গৃহবধূর ছয় টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাজধানীর জুরাইনে পৃথক ঘটনায় এক স্কুলছাত্র ও এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাইনস হাসপাতালের ওপর থেকে কয়েকজন ট্রাফিক পুলিশ ভবনের ছাদে পানির ট্যাংক ঘেঁষে একজনকে চিৎ হয়ে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ওই ছাদে গিয়ে মস্তকবিহীন একটি লাশ দেখে। লাশের পেটে ও হাতে ছিল ধারালো অস্ত্রের আঘাত। পরনে ছিল নীল রঙের ট্রাউজার ও কালো গেঞ্জি।
পুলিশ কর্মকর্তারা জানান, লাশের পাশ থেকে একটি আংটি, ভবনের নিচ থেকে একটি কালো জ্যাকেট ও একটি সাদা শার্ট উদ্ধার করা হয়। এগুলো ওই ব্যক্তির কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খুঁজেও ওই বিচ্ছিন্ন মস্তক পাওয়া যায়নি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, সোমবার রাতে ভবনটির ছাদে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে প্রথমে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
পল্টন থানার প্রধান ফটক দিয়ে ঢুকে ডান পাশের রাস্তা দিয়ে অথবা উত্তর পাশে পুলিশ স্টাফ কোয়ার্টার হয়ে ওই ভবনে যাওয়া যায়। ভবনটির মাঝখানে সিঁড়ি। সিঁড়ির এক পাশে ক্যানটিন। ভবনের দুই তলা থেকে প্রতি তলায় মোট ৮৮ জন ট্রাফিক পুলিশ সদস্যের থাকার ব্যবস্থা। সিঁড়ি দিয়ে পঞ্চম তলা পর্যন্ত ওঠা যায়। কিন্তু ছাদে ওঠার জন্য চার কোণা ছোট ফোকর রয়েছে। ফোকরের সঙ্গে সংযুক্ত লোহার মই বেয়ে ছাদে যেতে হয়।
দুপুরে ওই ভবনের পঞ্চম তলায় গিয়ে দেখা যায়, ছাদে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা আলামত সংগ্রহ করছেন। বেলা তিনটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কয়েকজন পুলিশ সদস্য জানান, ভবনে তেমন নিরাপত্তাব্যবস্থা নেই। যে কেউ অনায়াসে ভবনে ঢুকতে পারে। নামে ট্রাফিক ভবন হলেও ডিবি ও বিশেষ শাখার সদস্য, রাজারবাগ পুলিশ লাইনসের খেলোয়াড় এবং রাজারবাগ পুলিশের গাড়ি মেরামতের অনেক কর্মীও ভবনটিতে থাকেন।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, ট্রাফিক ব্যারাক ছাড়াও ওই এলাকায় পুলিশের আরও কয়েকটি ভবন রয়েছে। এলাকাভিত্তিক নিরাপত্তাব্যবস্থা থাকায় আলাদা করে প্রতিটি ভবনে নিরাপত্তাব্যবস্থা দেওয়া হয়নি।
স্কুলছাত্রকে হত্যার অভিযোগ: সোমবার রাতে জুরাইনের মুরাদপুরের বাসা থেকে স্থানীয় সমিরননেসা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সিহাব সরকারের (১২) লাশ উদ্ধার করে পুলিশ। কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা মনে হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বজনেরা জানান, ২০১০ সালের ২৭ ডিসেম্বর সিহাবের মা শাহীনূর আক্তারের অস্বাভাবিক মৃত্যু হয়। ওই ঘটনায় সিহাবের নানা নুরুল আলম শিশুটির বাবা আবুল কালাম আজাদ, চাচা লিটন সরকারসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। ওই ঘটনার সাক্ষী সিহাব।
সিহাবের নানা গতকাল প্রথম আলোকে বলেন, ওই মামলায় সিহাবের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এ কারণেই তার বাবা-চাচারা যেভাবে তার মাকে মেরেছিল, একইভাবে সিহাবকেও হত্যা করেছে।
বিকেলে মুরাদপুরে গিয়ে সিহাবের বাবা, চাচা বা অন্য স্বজনদের পাওয়া যায়নি। তাঁদের বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। সিহাবকে হত্যার অভিযোগ এনে এলাকাবাসী বিক্ষোভ করে এবং ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।
গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বজনেরা জানান, জুরাইনের আলম মার্কেটসংলগ্ন নতুন জুরাইনে দোতলা বাড়ির নিচতলায় গৃহবধূ সমর্থ বেগম (৫০) ও তাঁর স্বামী নুরুল ইসলামকে (৬৫) গতকাল সকালে অচেতন অবস্থায় দেখা যায়। বাড়িতে চিকিৎসক আনা হলে তিনি গৃহবধূকে মৃত ঘোষণা করেন। নুরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন। ওই বাড়ির মালিক সমর্থ বেগম।
সমর্থ বেগমের বোনের মেয়ে মৌসুমি আক্তার বলেন, তাঁর খালার এক মেয়ে, তিনি বিবাহিত। নিচতলায় ওই দম্পতি থাকতেন এবং দোতলায় স্বজনেরা থাকেন। চলতি মাসে নিচতলার একটি কক্ষ দুই যুবককে ভাড়া দেওয়া হয়। সোমবার রাতে ওই দুই যুবকের সঙ্গে নুরুল দম্পতিকে চা খেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই সময় নেশাজাতীয় কিছু খাইয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে ওই দুই যুবক পালিয়ে গেছে।
কদমতলী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ওই দুই ভাড়াটে পলাতক। তাঁদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে।
গাজীপুরে গৃহবধূকে ছয় টুকরা: গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল ভোরে গাজীপুর সদর উপজেলার চান্দনা রওশন সড়কের একটি বাসা থেকে পুলিশ গৃহবধূ চায়না আক্তারের ছয় টুকরা লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উত্তরার একটি পোশাক কারখানার কর্মী রিয়াজুল বড়বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করায় এ নিয়ে চায়নার সঙ্গে ঝগড়া হতো। রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে রিয়াজুল চায়নাকে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় তাঁদের দুই শিশুকন্যা ঘুমিয়ে ছিল। পরে চায়নার লাশ ছয় টুকরা করে শরীরের অংশ ব্যাগে, দুই পা বস্তায় ও মাথা বাজারের ব্যাগে ঢুকিয়ে রাখেন। সোমবার রিয়াজুল চান্দনা রওশন সড়কে একটি বাসা ভাড়া নেন এবং দুই শিশুকন্যা ও দ্বিতীয় স্ত্রী রোজিনা আক্তারকে নিয়ে রাতেই মালামালসহ ওই বাসায় ওঠেন। ওই বাসা থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে বাড়ির মালিকের স্ত্রী বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসানকে জানান। মেহেদী সেখানে গিয়ে ব্যাগ ও বস্তায় লাশের টুকরা দেখে পুলিশে খবর দেন। পুলিশ গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে ওই বাসা থেকে লাশের টুকরাগুলো উদ্ধার এবং রিয়াজুল ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।