ট্রাফিক পুলিশের মতো দৌড়াব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান বলেছেন, ‘ঢাকায় এক সাদা মহিলা লাফাইতাছে। নারায়ণগঞ্জে এক কালা মহিলা লাফাইতাছে। সীমা অতিক্রম করবেন না। ট্রাফিক পুলিশের মতো দৌড়াব। হোক সে সাংবাদিক, রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী।’মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে (রামকৃষ্ণ মিশনের সামনে) আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সাংসদ।এ সময় নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির উদ্দেশে নাসিম ওসমান বলেন, ‘বারি না রাব্বি (রফিউর রাব্বি), ওরে চেনে কেডা! ওর পোলারে (তানভীর মুহাম্মদ ত্বকী) আমরা মারতে যামু কোন দুঃখে?’অথচ ৮ মার্চ তানভীরের লাশ উদ্ধারের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রফিউরকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উল্লেখ করে তাঁর প্রতি শোকবার্তা জানান নাসিম ওসমান।মহাজোটের সাংসদ দাবি করেন, ‘নারায়ণগঞ্জে কোনো সন্ত্রাস নেই, আছে ষড়যন্ত্র। একটি মহল নারায়ণগঞ্জকে সন্ত্রাসকবলিত আখ্যা দিয়ে সন্ত্রাস দমনের কথা বলে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেশের সবচেয়ে শান্তির এলাকা নারায়ণগঞ্জ-৫। সন্ত্রাসের মাধ্যমে যাদের উত্থান, তারা আমাদের বলে সন্ত্রাসী।’এরপর নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের হুমকি দিয়ে নাসিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের কয়েকজন সাংবাদিক গণরোষের শিকার হতে পারেন।’ওসমান পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রসঙ্গে সাংসদ নাসিম বলেন, ‘আমরা হত্যা করি না। যারা খুন হয়, তাদের পরিবার আমাদের কাছে বিচার নিয়ে আসে।’সব শেষে তানভীরসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে বক্তব্য শেষ করেন নাসিম ওসমান। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সমাবেশে ক্যাঙ্গারু পারভেজ: নাসিম ওসমানের সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজ। তানভীর হত্যায় জড়িত সন্দেহে তার বাবা রফিউর রাব্বি যে সাতজনের নামের তালিকা পুলিশকে দিয়েছেন, সেখানে পারভেজের নাম তিন নম্বরে আছে।অনুমতি ছাড়াই সমাবেশ: গতকাল নবাব সলিমুল্লাহ সড়কে খোলা ট্রাকে মঞ্চ বানিয়ে সড়কটি চার ঘণ্টা বন্ধ রেখে সমাবেশ করেন নাসিম ওসমান। শহরের ব্যস্ততম প্রধান সড়ক বন্ধ থাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। অথচ সমাবেশের জন্য সিটি করপোরেশনের কাছ থেকে কোনো অনুমতি নেননি সাংসদ। এর কয়েক দিন আগে সেলিম ওসমান ও শামীম ওসমান পৃথক সভা করেন।মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সিটি করপোরেশনের রাস্তা বন্ধ করে মঞ্চ বানানো ও সমাবেশ করতে হলে পূর্ব অনুমতি নিতে হয়। কিন্তু নাসিম ওসমান, সেলিম ওসমান ও শামীম ওসমান তাঁদের সামাবেশের জন্য সিটি করপোরেশনের কাছ থেকে কোনো অনুমতি নেননি।’সেলিম ওসমান দাবি করেন, চেম্বারের ব্যানারে সমাবেশের জন্য তিনি মৌখিকভাবে অনুমতি নিয়েছিলেন।শামীম ওসমানের পাসপোর্ট জব্দের দাবি: গত রোববার শামীম ওসমানের সংবাদ সম্মেলনে এবং টেলিভিশনের টক শোতে তাঁর পাসপোর্ট উঁচিয়ে দেখানোর পর কয়েকটি বিষয় খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করেছেন রফিউর রাব্বি। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘তানভীর হত্যা মামলার তদন্তকারী পুলিশের উচিত খুব দ্রুততার সঙ্গে শামীম ওসমান, তাঁর স্ত্রী ও ছেলের পাসপোর্ট জব্দ করা। তাঁরা কয়টি পাসপোর্ট ব্যবহার করেন, তা খুঁজে বের করা। তাঁদের তিনজনের পাসপোর্টে সর্বশেষ যে দেশের ভিসা রয়েছে, তা সঠিক কি না; এয়ারলাইনসের টিকিট পরীক্ষা করা; ইমিগ্রেশন থেকে যাত্রীর তালিকা নেওয়া, বহির্গমনের দিন সংশ্লিষ্ট এয়ারলাইনস যেসব যাত্রীর তালিকা এয়ারপোর্টে পাঠিয়েছে, তার তালিকা পরীক্ষা করা; যে দেশে অবতরণ করেছে, সে দেশের এয়ারপোর্টে যাত্রী আগমন তালিকার সঙ্গে মিলিয়ে দেখা। সেই সঙ্গে বিদেশে শামীম ওসমান কোথায় অবস্থান করেছেন, সে সম্পর্কে তাঁর কাছ থেকে তথ্য নেওয়া; দেশে ফিরেছেন যে এয়ারলাইনসে, তার তালিকা ও ইমিগ্রেশন থেকে যাত্রীর তালিকা সংগ্রহ করা উচিত। এ ছাড়া তানভীর নিখোঁজ ও খুন হওয়ার সময় এবং এর পূর্ববর্তী এক সপ্তাহে শামীম ওসমানের ব্যবহূত তিনটি মুঠোফোনের যাবতীয় তথ্য সংগ্রহ করা উচিত পুলিশের।