ট্রাফিক পুলিশের সততা
সিলেট নগরের কেন্দ্রস্থলের সুরমা পয়েন্টের রাস্তায় পড়ে ছিল টাকার বান্ডিল। ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক বদিউল আমিন চৌধুরী। রাস্তা থেকে টাকার বান্ডিল নিয়ে তিনি দিনভর মালিকের সন্ধান করেন। না পেয়ে রাতে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তা থানা-পুলিশের হেফাজতে দেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
টাকার পরিমাণ সংগত কারণে গোপন রেখেছেন বদিউল। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেখে মনে হয়েছে, ব্যাংক থেকে তুলে নিয়ে যাওয়ার সময় বান্ডিলটি পড়ে গেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালনকালে টাকার মালিকের সন্ধান করেছি। শেষে না পেয়ে থানায় দিয়েছি।’
কোতোয়ালি থানায় যোগাযোগ করে জানা যায়, গতকাল শুক্রবার পর্যন্ত টাকার মালিকের সন্ধান পাওয়া যায়নি। থানার এসআই শাহ মো. মুবাশ্বির বলেন, টাকার মালিক কেউ এলে ট্রাফিক পরিদর্শকের উপস্থিতিতে তা হস্তান্তর করা হবে।
২০১১ সালে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে যোগদান করেন বদিউল। পুলিশে যোগ দেন ১৯৯৪ সালে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে।