ট্রাফিক পুলিশের সেই কনস্টেবলকে প্রত্যাহার
ঢাকার সাভার ট্রাফিক পুলিশের কনস্টেবল আমির হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে ম্যাক্সি ও লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। হরতালের কারণে গত সোমবার ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিকভাবে বাস চলাচল করেনি। তাই বিভিন্ন স্থানে শত শত যাত্রী আটকে পড়ে। আটকে পড়া যাত্রীদের পরিবহনের জন্য সোমবার ভোর থেকেই সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকে ম্যাক্সি ও লেগুনা (হিউম্যান হলার)। কনস্টেবল আমির হোসেন এসব যানবাহন আটকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করেন বলে অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত প্রতিবেদন গতকাল প্রথম আলোতে প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। এরপর ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে কনস্টেবল আমির হোসেনকে ঢাকার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. ফারুক হোসেন কনস্টেবল আমির হোসেনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ভুক্তভোগীদের যে নাম ছাপা হয়েছে, তাঁদের না পাওয়ায় তদন্তে ব্যাঘাত ঘটছে।