খুলনা নগরের ১৬টি ট্রাফিক সংকেত বাতি নয় বছর ধরে নষ্ট হয়ে রয়েছে। বাতি না থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। এর পরও উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) থেকে জানা যায়, ১৯৮৭ সালে দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনে মহানগরের রয়্যাল, শিববাড়ী, ডাকবাংলো, পার হাউস, দৌলতপুর, নতুন রাস্তা, জোড়াগেট, পিকচার প্যালেস, সদর থানা পিটিআই, ধর্মসভা, ময়লাপোতা ও ফেরিঘাট মোড়, সদর হাসপাতালের সামনে, সার্কিট হাউসের পাশে, হাজী মুহসীন সড়কে ট্রাফিক সংকেত বাতি স্থাপন করা হয়।
২০০৫ সালের মধ্যে সব কটি বাতি নষ্ট হয়ে যায়। বাতিগুলো মেরামতের উপযোগী না থাকায় কেসিসি নতুন করে আর কোনো উদ্যোগ নেয়নি। ২০০৭ সালে যানজট নিরসনের লক্ষ্যে কেসিসি একটি প্রকল্প বরাদ্দ রাখে। ওই প্রকল্পের টাকা দিয়ে কেসিসি শিববাড়ী ও পার হাউস মোড়ে দুটি ট্রাফিক সংকেত বাতি দায়সারাভাবে চালু করে। তবে এ দুটি ব্যবহার করা হচ্ছে না। বাকি বাতিগুলো সারাতে ট্রাফিক বিভাগ এ পর্যন্ত কেসিসির কাছে কোনো আবেদন করেনি। এ কারণে একদিকে নগরে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে সৃষ্টি হচ্ছে যানজটের।
খুলনা নাগরিক ফোরামের চেয়ারম্যান শেখ আব্দুল কাইয়ুম বলেন, দিনে দিনে খুলনায় লোকসংখ্যা ও গাড়ির সংখ্যা বাড়ছে। দ্রুত কেসিসি ও ট্রাফিক বিভাগের এগুলো ঠিক করা প্রয়োজন।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, ‘কালের পরিক্রমায় দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য না থাকায় ট্রাফিক বাতি ছাড়াই চলছে দেশের তৃতীয় বৃহৎ খুলনা নগরের ট্রাফিক বিভাগ।’
বিএল কলেজের ছাত্র মনিরুল হোসেন বলেন, সংকেত বাতি অকেজো ও ট্রাফিক ব্যবস্থা নাজুক থাকায় নিউমার্কেট এলাকায় আমার চোখের সামনে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা ছাত্র অমিত রায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বাতিগুলো চালু থাকলে চালকেরা সচেতন হতো। যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসত। আমাদেরও কষ্ট কম হতো।
খসিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ বিভাগ) জাহিদ হাসান শেখ বলেন, জার্মানির একটি সংস্থা নগরের রাস্তাগুলোতে জরিপ চালিয়ে ৪০ স্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। স্থানগুলোতে অত্যাধুনিক সংকেত বাতি লাগানোর জন্য নকশা করা হয়ে গেছে। আশা করছি, ডিসেম্বরে কাজ শুরু হবে।