ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সঙ্গে ৩০ শিক্ষার্থী
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশকে সহযোগিতা করতে গতকাল বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩০ শিক্ষার্থী। ট্রাফিক পুলিশের সঙ্গে তাঁরা কাজ করবেন ২৪ জুন পর্যন্ত। গতকাল বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, প্রতিদিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ৩০ শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে থাকবেন। নগরের প্রবর্তক মোড় সংলগ্ন কল্লোল সুপার মার্কেট থেকে আফমি প্লাজা ও পূর্ব নাসিরাবাদ সানমার ওশান সিটি এলাকায় যানজট নিরসনে তাঁরা সহায়তা করবেন।
বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন মোর্শদের সভাপতিত্বে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আবদুল ওয়ারীশ, সংগঠনের সাধারণ সম্পাদক রিদউয়ান উর রহমান, সহসাধারণ সম্পাদক রনি বড়ুয়া, জোবায়েদ হাসান প্রমুখ।