ট্রাফিক সপ্তাহ শেষে বিশৃঙ্খলাই রয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদচারী–সেতু ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরা। গতকাল ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়।  ছবি: এমদাদুল হক
পদচারী–সেতু ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরা। গতকাল ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়। ছবি: এমদাদুল হক
>
  • ট্রাফিক সপ্তাহের ১০ দিনে মামলা ১ লাখ ৮০ হাজার
  • জরিমানা আদায় ৭ কোটি ৮ লাখ টাকা
  • ৭৪ হাজার চালকের বিরুদ্ধে ব্যবস্থা
  • আটক করা হয়েছে ৫ হাজার ৪১৮টি যানবাহন

মূল সাত দিনের সঙ্গে অতিরিক্ত তিন দিনসহ মোট ১০ দিনের ট্রাফিক সপ্তাহ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও (বিআরটিএ) বিশেষ অভিযান চালিয়েছে। তবে সড়কে নৈরাজ্য বন্ধ করা যায়নি। গত ১০ দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৭৩ জন।

ট্রাফিক সপ্তাহের ১০ দিনে সারা দেশে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৪৯টি। জরিমানা আদায় করা হয়েছে ৭ কোটি ৮ লাখ ১৪ হাজার ৩৭৫ টাকা। এ সময় ৭৪ হাজার ২২৪ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক করা হয়েছে ৫ হাজার ৪১৮টি যানবাহন। মামলাগুলোর অধিকাংশ হয়েছে রাজধানীতে। জরিমানার তিন-চতুর্থাংশ আদায় হয়েছে রাজধানীতে। মামলা ও জরিমানার পাশাপাশি যানবাহনের চালক ও পথচারীদের উদ্দেশে প্রচার করা হয় সচেতনতামূলক বার্তা।

১০ দিনে বিআরটিএ মামলা করেছে ৪৪৪টি। জরিমানা আদায় করেছে ৮ লাখ ৭৮ হাজার টাকা। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৮৯ জন দালালকে। চালক, পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অবস্থার পরিবর্তন হয়নি।

রাজধানীর সড়কে চলা দীর্ঘদিনের অব্যবস্থাপনা ৭ বা ১০ দিনের অভিযানে বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন নগরবিদেরা। নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কে বিশৃঙ্খলা গুরুতর পর্যায়ে চলে গেছে। এ খাতে প্রচণ্ড রকম দুর্নীতি। নাগরিকদের মধ্যে আইন না মানার প্রবণতাও প্রবল। সড়কে শৃঙ্খলা আনতে হলে সরকারের উচ্চপর্যায় থেকে রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। কিন্তু এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। যানবাহন মালিক, চালক, পথচারী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারী-সবার মধ্যে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

কাল রাজধানীর সাতটি ব্যস্ত এলাকা ঘুরে দেখা যায়, চালক ও পথচারীরা হরহামেশা ট্রাফিক আইন অমান্য করছেন। অভিযানের কারণে সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকলেও যানজট ছিল তীব্র। যাত্রীদের ভোগান্তি ছিল বেশি। চালকেরা যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তুলেছেন। চলন্ত গাড়ি থেকে যাত্রী নামিয়েছেন। ফুটপাতে মোটরসাইকেলের উৎপাত আগের মতোই ছিল। পথচারীরাও খুশিমতো ঝুঁকি নিয়ে সড়ক পার হয়েছেন।

মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলেন চার ট্রাফিক সার্জেন্ট। ট্রাফিক সদস্যরা একের পর এক মোটরসাইকেল, কাভার্ড ভ্যান থামাচ্ছিলেন। সার্জেন্টরা মামলার পরে মামলা দিয়েই যাচ্ছিলেন। কোনো মোটরসাইকেলের আরোহীর হেলমেট নেই, কোনো বাহনের চালকের লাইসেন্সের মেয়াদ নেই।

শ্যামলীর শিশুমেলা এলাকায় দেখা যায়, মোহাম্মদপুর থেকে আবদুল্লাহপুরগামী প্রজাপতি পরিবহনের একটি বাস সড়কের মাঝখানে যাত্রী নামাচ্ছে। চালকের সহকারীরা চলন্ত বাস থেকেই যাত্রীদের নামতে বাধ্য করছেন।

শাহবাগ মোড়ে রাস্তা পারাপারের জন্য তিন দিকে তিনটি পদচারী-সেতু আছে। এর কোনোটিতেই পথচারীদের পা পড়ে না। দেখা যায়, ব্যস্ত সড়কে যানবাহনের সামনে দিয়েই লোকজন সড়ক পার হচ্ছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও গণসংযোগ) মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, এত মামলা ও জরিমানার পরও জনগণের মধ্যে আইন অমান্য করার প্রবণতা রয়ে গেছে। রাতারাতি এই অভ্যাস পরিবর্তন সম্ভব নয়।

মালিক সমিতির পরিদর্শন
কোনো মালিক চালকদের সঙ্গে চুক্তিতে গাড়ি চালাচ্ছেন কি না, তা দেখতে গতকাল রাজধানীর চারটি জায়গায় পরিদর্শক দল বসায় ঢাকা পরিবহন মালিক সমিতি। পরিদর্শক দল ফিটনেসবিহীন গাড়ি চলছে কি না, সেটিও পরীক্ষা করে।

দুপুর সাড়ে ১২টার দিকে ভিআইপি পরিবহনের একটি বাস (আজিমপুর থেকে গাজীপুর) মানিক মিয়া অ্যাভিনিউতে থামান মালিক সমিতির সদস্যরা। কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, চালকের লাইসেন্স নেই। মামলা থাকার কারণে কোনো কাগজপত্রই বাসের কর্মীদের কাছে নেই। এর একটু পরে সাভার থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে চলাচলকারী এম এম লাভলী পরিবহনের একটি বাস থামানো হয়। দেখা যায়, বাসের সামনের অংশ ভাঙাচোরা। কম বয়সী চালকের লাইসেন্স নেই।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে যে দুর্ঘটনা ঘটে, তার অধিকাংশ চুক্তিতে চালানোর কারণে। ঢাকার কোনো বাস চুক্তিতে চলবে না। লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়িও ঢাকার পথে চলবে না।

বাস-সংকটে ভোগান্তি
পুলিশের ট্রাফিক সপ্তাহ, বিআরটিএর অভিযান এবং মালিক সমিতির পরিদর্শনের কারণে গতকাল সকাল থেকেই রাজধানীর সড়কে বাস ছিল কম। বাস-সংকটের কারণে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সকালে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট ও আসাদ গেট এলাকায় দেখা যায়, প্রতিটি বাসস্ট্যান্ডে অসংখ্য মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। একটি বাস এলেই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন। আগে থেকেই ঠাসা থাকায় খুব কম যাত্রীই বাসের ভেতরে যেতে পারছিলেন। অনেকেই ঝুলছিলেন বাসের পাদানিতে।

আসাদ গেট এলাকায় কথা হয় আকলিমা বেগমের সঙ্গে। মধ্যবয়সী এই নারী যাবেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়। তিনি বলেন, দুই ঘণ্টা ধরে বাসের অপেক্ষায়। সাইনবোর্ডের কয়েকটা বাস চলে গেল। কোনো বাসে ওঠার উপায় নেই।