সড়ক দুর্ঘটনা হ্রাসের জন্য ট্রাফিক পুলিশদের কঠোরভাবে আইন প্রয়োগের ওপর জোর দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।ট্রাফিক সার্জেন্টদের জন্য আয়োজিত এক কর্মশালায় গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ অভিমত দেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘দুর্ঘটনা গবেষণাকেন্দ্র’ পুরকৌশল ভবনে ১০ দিনের এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই, অন্য গাড়িকে টেক্কা দেওয়া এবং দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক সার্জেন্টরা কঠোরভাবে এ কাজগুলো নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনা কমে আসবে।মন্ত্রী আরও বলেন, পুলিশের জনবল কম হওয়ায় অনেক কাজই তাঁরা করতে পারেন না। এ কারণে ৩২ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। সড়ককে নিরাপদ করতে সাঁড়াশি অভিযান চালানোর পক্ষে মত দিয়ে শামসুল হক বলেন, বিজ্ঞানসম্মত সড়ক তৈরি ও তার রক্ষণাবেক্ষণ, ফিটনেস ছাড়া গাড়ি রাস্তায় চলতে না দেওয়া, দক্ষ চালক দিয়ে গাড়ি চালানো এবং মালিকদের সচেতনতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আইয়ুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনা রোধে ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি মোখলেসুর রহমান জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে সড়ক দুর্ঘটনার মামলাগুলো মামলা দায়ের যারা করেন সেই ট্রাফিক পুলিশ দিয়েই তদন্ত করানো যায় কি না সে বিষয়ে আলোচনা চলছে। দুর্ঘটনা গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক শামসুল হক দুর্ঘটনার কারণ শনাক্তের সুবিধার্থে সঠিক তথ্যের ওপর জোর দেন। তিনি বলেন, দুর্ঘটনার তথ্যের যে ফরম ট্রাফিক পুলিশকে পূরণ করতে হয় অনেক কর্মচারীই তার অনেক কিছু বোঝেন না। রাস্তায় গাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে বলে উল্লেখ করেন বুয়েটের উপাচার্য এ এম এম শফিউল্লাহ।কর্মশালায় বুয়েটের সহ-উপাচার্য এম হাবিবুর রহমান এবং দুর্ঘটনা গবেষণাকেন্দ্রের কর্মকর্তারাও বক্তব্য দেন।