ট্রাফিক সার্জেন্টের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মাহফুজুল ইসলাম চৌধুরীকে অপসারণের দাবিতে গত বুধবার রাতে শহরে ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালকেরা মিছিল করেছেন। পরে পৌর ভবনের সামনে সমাবেশও করেন তাঁরা। মোটরসাইকেলের চালকদের কাছ থেকে ওই ট্রাফিক সার্জেন্টের মাসোহারা ও ঘুষ নেওয়ার প্রতিবাদে এ মিছিল-সমাবেশ করেন তাঁরা।
শ্রমিকনেতা লোকমান হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ফজলুল হক, যুবলীগের নেতা জুলহাস শাহীন, ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক শহিদ প্রমুখ।
শ্রমিকনেতা শাকিল আহমেদ অভিযোগ করেন, ট্রাফিক সার্জেন্টের দায়িত্ব হলো নিবন্ধনহীন মোটরসাইকেল নিবন্ধনের আওতায় আনা। কিন্তু তিনি তা না করে নিবন্ধনহীন মোটরসাইকেলের চালকদের জিম্মি করে মাসিক ২০০ টাকা করে চাঁদা আদায় করছেন। চাঁদা না দিলে তাঁদের মামলায় ফাঁসাচ্ছেন।
তবে ট্রাফিক সার্জেন্ট মাহফুজুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি গত বুধবার নিবন্ধনবিহীন চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিই। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের সুপারিশ না রাখায় তাঁরা আমার ওপর ক্ষুব্ধ হয়ে মিছিল, সমাবেশ করাচ্ছেন।’