ট্রাফিক সার্জেন্টের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে বাণিজ্য বন্ধ ও ট্রাফিক সার্জেন্ট জাফরউল্লাহর শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ লোকজন। সদর উপজেলার জগদল এলাকায় তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক গত শনিবার সন্ধ্যায় প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন তাঁরা।
অবরোধের ফলে সড়কের উভয় পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। এতে পথচারীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
গত বৃহস্পতিবার ট্রাফিক পুলিশ কাগজ যাচাইয়ের জন্য একটি মোটরসাইকেল থামায়। তখন পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেন আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত মোশারফের মামা ওয়াহেদুজ্জামান বলেন, ‘আমরা ট্রাফিক সার্জেন্টের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছি। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশ অথবা অন্য কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে।