ট্রাফিক সিগন্যালের খুঁটি উপড়ে পুলিশকে ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল সোমবার বিকেলে নগর জামায়াতের মিছিলে পুলিশ বাধা দিলে রাস্তার ট্রাফিক সিগন্যালের খুঁটি উপড়ে সেটি নিয়ে পুলিশকে ধাওয়া করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ধাওয়া খেয়ে পুলিশ রাস্তার পাশের একটি বাসায় ঢুকে আশ্রয় নেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নগরের সুবিদবাজার মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা তিনটার দিকে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নগর জামায়াতের উদ্যোগে দর্শন দেউড়ি এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সুবিদবাজার এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, মিছিলকারীরা পুলিশি বাধায় উল্টো আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় চার তরুণ সুবিদবাজার মোড়ের লোহার ট্রাফিক সিগন্যাল খুঁটিটি উপড়ে দলবল নিয়ে পুলিশকে ধাওয়া করেন। এ সময় পুলিশের সদস্যরা পাশের এলাকার বাড়িঘরে আশ্রয় নেন। মিছিলকারীরা তখন রাস্তার পাশে মার্কেন্টাইল ব্যাংকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কোতোয়ালি থানার ওসি আহমদ নাসিরউদ্দিন মোহাম্মদ জানান, মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করায় তিনিসহ পুলিশের দুই সদস্য আহত হন। তখন পুলিশ ১৫টি রাবার বুলেট ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে।