ট্রাফিককে মারধর করলেন ছাত্রলীগ সভাপতির সঙ্গীরা
রাজধানীর পল্টন মোড়ে গতকাল শুক্রবার বিকেলে একজন ট্রাফিক কনস্টেবলকে পিটিয়েছেন ছাত্রলীগের একদল কর্মী। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগও তখন সেখানে ছিলেন।
আহত কনস্টেবল মো. মামুনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাস পল্টন মোড়ে সিগন্যাল ভঙ্গ করে যাওয়ার চেষ্টা করলে কনস্টেবল মামুন মাইক্রোবাসটি আটকান। ওই গাড়িতে ছিলেন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান। গাড়িটি আটকানোর পরেই পেছনে কয়েকটি মোটরসাইকেলে থাকা ছাত্রলীগের কর্মীরা এসে মামুনকে মারধর করেন। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে পরিস্থিতি সামলান।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রথম আলোকে বলেন, সেখানে ছাত্রলীগের কিছু কর্মীর সঙ্গে ট্রাফিক পুলিশ সদস্যদের ভুল-বোঝাবুঝি হয়।
পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপকমিশনার খান মুহাম্মদ রেজওয়ান বলেন, এ বিষয়ে পল্টন থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।