ট্রাফিকের ভূমিকায় পাবলিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার মোড় থেকে বারুতখানামুখী ছোট-বড় যানগুলো হঠাৎ থমকে যায়। কোনোটিই আর চলছিল না। যানজটের কারণে পথচারীদের রাস্তায় পা ফেলারও অবস্থা নেই।পরিস্থিতি সামাল দিতে ট্রাফিককে কোথাও দেখা যাচ্ছে না। যানজটে চলার পথ এভাবে হঠাৎ থমকে যাওয়ায় শেষে কয়েকজন যাত্রী ট্রাফিকের ভূমিকায় নামলেন। তাঁদের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর ভাঙল যানজট।‘ট্রাফিক খান্দাকাছায় (আশপাশে) আছিল না। কিতা আর করমু, আমরা পাবলিকরাই সামাল দিলাম...!’ প্রায় ২০ মিনিট ধরে যানজট সামাল দিয়ে নিজ মোটরসাইকেলে ওঠার সময় কথাগুলো বললেন মির্জা সোহেল। গতকাল সোমবার দুপুরে নগরের বারুতখানার এ দৃশ্যের মতো সিলেট নগরে দুপুরে হঠাৎ যানজটের মুখে পড়ে নগরবাসী নাকাল হচ্ছেন।দুপুরের যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশ-স্বল্পতায় এমনটি হচ্ছে। ওই সময় যেখানে ট্রাফিক নেই, সেখানে পাবলিকরাই যানজট মোকাবিলা করে চলছেন। নগরের নয়াসড়ক, জিন্দাবাজার, জল্লারপার, বন্দরবাজার, তালতলা, আম্বরখানা, শিবগঞ্জ, জেলরোড, মীরাবাজার, কুমারপাড়া, সোবহানীঘাট, নাইওরপুল, ধোপাদীঘিরপার, লামাবাজার, রিকাবীবাজার, কালীঘাট, মহাজনপট্টি, জামতলা, চৌহাট্টা এলাকা জনবহুল হওয়ায় দুপুরবেলা যানজট হয়। এসব এলাকায় দুপুরের যানজট মোকাবিলায় ট্রাফিককে দায়িত্ব পালন করতে দেখা যায় না বলে স্থানীয়দের অভিযোগ।ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, যানজট মোকাবিলায় পালাক্রমে তিনটি ধাপে ৫০ জন ট্রাফিক পুলিশ নগরে কর্তব্য পালন করেন। এ অবস্থায় প্রয়োজন প্রায় তিন গুণ। দুপুরের খাবার বিরতিতে কোনো কোনো স্থানে ট্রাফিক সংখ্যা কমিয়ে গুরুত্বপূর্ণ স্থানে রাখার কারণে যানজট সৃষ্টি হয়। যানজটের জন্য এটি মুখ্য কোনো কারণ নয় জানিয়ে সিলেটের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম বলেন, নগরের বিপণিবিতানগুলোতে পর্যাপ্ত পার্কিং না থাকায় যানজট হয়। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যাহ্ন ছুটির কারণে যানজট বেশি হয়। ফুটপাত দখল এবং নগরে অনেকটা অবাঞ্ছিতভাবে ইউনিয়ন পরিষদের রিকশাগুলো অবাধে বিচরণসহ নানা কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, ‘ট্রাফিক পুলিশের জনবল সংকট সত্ত্বেও আমরা যানজট নিরসনে অক্লান্ত কাজ করে চলেছি।’ ট্রাফিক-স্বল্পতা ছাড়াও নগরে ট্রাফিক বিভাগের পর্যবেক্ষণে প্রধানত ছয়টি কারণে যানজট সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানান। কারণগুলো হচ্ছে: গুরুত্বপূর্ণ রাস্তা থেকে শুরু করে পাড়া-মহল্লার অপ্রশস্ত রাস্তা, টমটম ও ব্যাটারিচালিত তিন চাকার গাড়িসহ অবৈধ যানবাহনের ব্যাপক চলাচল, ফুটপাত দখল করে ভাসমান ব্যবসায়ীদের অস্থায়ী দোকানপাট, নগরের অন্তত ২০টি স্থানে রাস্তা দখল করে অটোরিকশা ও টেম্পোস্ট্যান্ড স্থাপন, নগরের ভাঙাচোরা রাস্তাঘাট। ফুটপাত ও অবৈধ যান চলাচল সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নগরে অবৈধ যান চলাচল ঠেকানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে যানজটের কারণগুলো চিহ্নিত করে সিটি করপোরেশন একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করছে।