
সিলেট নগরের বন্দরবাজার থেকে রিকশাযোগে আম্বরখানা এলাকায় যেতে বড়জোর ১৫ মিনিট সময় লাগার কথা। কিন্তু যানজটে পড়ে রিকশায় এক ঘণ্টা বসে থেকেও গন্তব্যে পৌঁছাতে পারেননি ব্যাংক কর্মকর্তা নাবিল হোসেন।
তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘ঈদে বাড়তি মুনাফার আশায় নগরের প্রধান সড়ক পর্যন্ত দখল করে হকাররা যেমন পসরা সাজিয়ে বসেছেন, তেমনি অবৈধ রিকশার সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। বড় বিপণিবিতানগুলোতে গাড়ি রাখার নিজস্ব ব্যবস্থা না থাকায় যানজট আরও বেড়েছে। ভোগান্তির শিকার হচ্ছি আমরা সাধারণ মানুষ।’
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, কাজীরবাজার, শেখঘাট, কালীঘাট, লালদিঘিরপাড়, সোবহানীঘাট, জেলরোড, নয়াসড়ক, বারুতখানা, চৌহাট্টা, আম্বরখানা, মীরাবাজার, নাইওরপুল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে আছে যানবাহন। ট্রাফিক পুলিশের স্বল্পতা, নিয়মনীতির তোয়াক্কা না করে চালকদের গাড়ি চালানো যানজটের অন্যতম কারণ। এর বাইরে নিয়ম ভেঙে বিকেল থেকেই নগরের কালীঘাট, বন্দরবাজার, লালদিঘিরপাড়, সোবহানীঘাট, আম্বরখানা, টিলাগড়ের মতো ব্যস্ত এলাকায় ট্রাক চলাচল করায় যানজট আরও তীব্র হচ্ছে বলে নগরবাসীর অভিযোগ।
সিটি করপোরেশনের লাইসেন্স শাখা থেকে জানা গেছে, নগরের সড়কগুলোতে ১০ হাজারের বেশি বৈধ রিকশা রয়েছে। নিবন্ধনহীন রিকশা আছে কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার। অধিকাংশ রিকশা বা অটোরিকশাচালকদের কোনো প্রশিক্ষণ নেই। তাঁরা নিয়মকানুন না মেনে এলোপাতাড়ি চলাচল করার কারণেও যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে। এ ছাড়া নগরের পাড়া-মহল্লার রাস্তাগুলো অপ্রশস্ত হওয়ায় একবার যানজট লাগলে সহজে আর এর কবল থেকে মুক্তি মেলে না।
ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, যানজট নিরসনে শনিবার থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ৫০ জন করে ট্রাফিক পুলিশ পালাক্রমে দায়িত্ব পালন করছেন। এর বাইরে ২০ জন রোভার স্কাউট, দোকানমালিক সমিতির ১৫ জন এবং বাসমালিক সমিতির ১৫ জন—এই ৫০ ব্যক্তিকে কেবল ঈদ উপলক্ষে যানজট নিরসনে প্রশিক্ষণ দিয়ে পুলিশের পাশাপাশি মাঠে নামানো হয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার আক্রাম হোসেন বলেন, ‘নগরবাসীর দুর্ভোগ কমাতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। যানজট মোকাবিলায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পাশাপাশি স্বেচ্ছাসেবীদেরও মোতায়েন করা হয়েছে।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘মানবিক কারণে ঈদের আগের দিন পর্যন্ত হকারদের ফুটপাতে বসার সুযোগ দেওয়া হয়েছে। তবে কেউ যেন মূল সড়ক দখল করে ব্যবসা-কার্যক্রম না চালায়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।’