ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় ট্রাভেল এজেন্ট, হোটেল ব্যবসায়ী, কয়েকটি ব্যাংকের কার্ড শাখার কর্মী ও পুলিশ জড়িত বলে স্বীকার করেছেন এই মামলায় গ্রেপ্তার জার্মান নাগরিক পিওতর সিজোফেন। তিনি দাবি করেছেন, তাঁদের চক্রটি ‘স্কিমিং ডিভাইস’ নামের বিশেষ যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেয়। পুলিশ ও আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমানের কাছে এ জবানবন্দি দেন পিওতর। রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়েছিল। পরে তাঁকে এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় করা গুলশান থানার অপর এক মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম মাহবুবুর রহমান। গুলশান থানার তদন্ত কর্মকর্তা পিওতরকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
আগের দিন বুধবার বনানী থানার মামলায় গ্রেপ্তার খান এয়ার ট্রাভেলসের কর্মকর্তা আবু জাফর মিয়া মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁদের এটিএম কার্ড জালিয়াতির পদ্ধতির বিবরণ দেন। তিনিও এ জালিয়াতির ঘটনায় ট্রাভেল এজেন্সি, হোটেল ব্যবসায়ী, কয়েকটি ব্যাংকের কার্ড শাখার কর্মী ও কয়েকজন পুলিশ সদস্যের জড়িত থাকার কথা বলেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, জবানবন্দিতে পিতওর দাবি করেছেন, ২০১৫ সালে বাংলাদেশে এসে প্রথমে তিনি মানবসম্পদ রপ্তানির কাজ শুরু করেন। এ কাজে খান এয়ার ট্রাভেলসের সঙ্গে তাঁর ব্যবসায়িক সহযোগিতা শুরু হয়। এরপর তাঁরা পিওএস নামের একটি মেশিন আনেন। ওই মেশিনের মাধ্যমে জাল কার্ড প্রস্তুত করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলতেন তাঁরা। খান ট্রাভেলসের মালিক ও কর্মচারীর মাধ্যমে এ কাজ করা হতো। সিটি ব্যাংকের একটি বুথে তাঁরা ‘স্কিমিং ডিভাইস’ নামে বিশেষ যন্ত্র বসিয়েছেন। এর মাধ্যমে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ক্লোন কার্ড তৈরি করা হতো। তারপর ওই কার্ডের মাধ্যমে টাকা তুলে নেওয়া হতো। এ কাজে সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ তাঁদের সহযোগিতা করেছেন বলে জবানবন্দিতে পিওতর স্বীকার করেছেন।
এদিকে খান এয়ার ট্রাভেলসের কর্মকর্তা আবু জাফর তাঁর জবানবন্দিতে বলেছেন, পিওতরের সঙ্গে হাত মিলিয়ে তাঁর প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এটিএম কার্ড জাল করেছেন। ওই সব কার্ড ব্যবহার করে তাঁকেই বুথ থেকে টাকা তুলতে পাঠাতেন তাঁরা। এ ক্ষেত্রে ব্যাংকের কার্ড শাখার কিছু কর্মকর্তা সহযোগিতা করেছেন। পুলিশের উপস্থিতিতে এ কাজ হওয়ায় জালিয়াতির বিষয়ে তাঁর সন্দেহ হয়নি বলে জবানবন্দিতে দাবি করেন আবু জাফর। জবানবন্দিতে আরও বলা হয়, খান এয়ার ট্রাভেলসের কার্যালয়ে মাঝেমধ্যে লন্ডনপ্রবাসী বাংলাদেশি এবং ইতালি, রোমানিয়া, বুলগেরিয়া ও ইউক্রেনের কয়েকজন নাগরিক আসতেন। তাঁরাও এ ঘটনায় জড়িত।
কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।