ট্রাভেল এজেন্সির নিবন্ধনে লাল ফিতার দৌরাত্ম্য কমবে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ট্রাভেল এজেন্সির লাইসেন্স করতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। ট্রাভেল এজেন্সি লাইসেন্স প্রার্থীদের সচিবালয়ের দ্বারে দ্বারেও ঘুরতে হবে না।
মন্ত্রী বলেন, অনলাইনেই এখন থেকে লাইসেন্সের আবেদন, নবায়ন করাসহ সব কার্যক্রম সম্পন্ন করা যাবে। এতে লাল ফিতার দৌরাত্ম্য অনেক কমবে।
আজ রোববার বিকেলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এই সেবা চালু করা হয়।
রাশেদ খান মেনন বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বর্তমানে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি নিবন্ধিত আছে। প্রতিবছর বিভিন্ন উদ্দেশ্যে বিদেশে গমন-ইচ্ছুক আনুমানিক আট লাখ নাগরিককে এয়ারলাইনসের টিকিটসহ অন্যান্য সুযোগ-সুবিধার জন্য ট্রাভেল এজেন্সিগুলোর ওপর নির্ভর করতে হয়। ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন ও নবায়নসহ সব প্রক্রিয়া অনলাইনে করার জন্য ‘অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার’ তৈরি করা হয়েছে।
সভা থেকে বলা হয়, এই সফটওয়্যারটি উদ্বোধনের পর সিস্টেমটিতে মন্ত্রণালয়ে নিবন্ধিত প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সির ডেটা এন্ট্রি ও অ্যাকাউন্ট তৈরির জন্য খুলে দেওয়া হয়েছে। নিবন্ধিত ট্রাভেল এজেন্সির সব তথ্য সিস্টেমে আপলোড করা শেষ হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্রাভেল এজেন্সির নতুন নিবন্ধন ও নবায়নসহ সব আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।
অনলাইন কার্যক্রম উদ্বোধনের সময় বিমান মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব মো. ইমরান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।