ট্রাম্প প্রশাসন নিয়ে দেখেশুনে এগোতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাস পেরিয়ে গেলেও গুছিয়ে উঠতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। বরং সরকার চালাতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে নতুন মার্কিন প্রশাসনের পূর্ণাঙ্গ কাঠামো ও সরকারের গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্তগুলো কেমন হচ্ছে, তা দেখে সম্পর্ক জোরদারে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ।
ওয়াশিংটন ও ঢাকায় কর্মরত বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো গত দুই দিনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সম্প্রতি এই প্রতিবেদককে বলেন, দুই দেশের সম্পর্কের বর্তমান ধারা অব্যাহত রেখে তা জোরদারের জন্য গত নভেম্বরের মাঝামাঝি সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা মার্কিন প্রশাসন ও রাজনৈতিক মহলে, বিশেষ করে রিপাবলিকান পার্টির সঙ্গে যোগাযোগ করেছেন। ওই সময় সম্ভাব্য মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সরকারের ওই কর্মকর্তার যোগাযোগ হয়েছে বলে ওয়াশিংটনের এক কূটনৈতিক সূত্র এই প্রতিবেদককে জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, দায়িত্ব নেওয়ার পর প্রথম মাসে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো সিদ্ধান্ত নেননি, যাতে বাংলাদেশের বিচলিত হওয়ার কারণ ঘটেছে। এ বিষয়ে গত সপ্তাহে ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আলোচনায় এমন অভিমত এসেছে। এর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এটাও মনে করেন, আগামী কয়েক মাসে টিকফা কাউন্সিল, অংশীদারত্ব, নিরাপত্তা ও সামরিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে এপ্রিলে ঢাকায় টিকফা কাউন্সিলের পরের বৈঠকটি আয়োজনের একটি সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও অংশীদারত্ব সংলাপের পরের বৈঠকটি হবে ঢাকায়। এ বৈঠকগুলো সময়মতো না হলে কিংবা পিছিয়ে গেলে তখন তা নিয়ে ভাবার আছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক এক রাষ্ট্রদূত গত শনিবার সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, ‘রিপাবলিকান পার্টির সঙ্গে বাংলাদেশের যোগাযোগটা নতুন নয়। অতীতেও তা ছিল, এখনো আছে। যেহেতু দলটি ক্ষমতায় এসেছেত, তাই তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোটা বাঞ্ছনীয়। তবে প্রথম এক মাসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুটহাট সিদ্ধান্ত নিচ্ছেন আর বদলাচ্ছেন, তাতে করে তাঁকে বুঝতে পারাটাই এক দুরূহ কাজ। এমন একজনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হলে দেখে-শুনে এগোনোর কোনো বিকল্প নেই।
ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে যোগাযোগ করে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের গত এক মাসের কাজকর্মে এটা স্পষ্ট যে চারপাশে অভিজ্ঞ লোকজনের অভাব, হুটহাট সিদ্ধান্ত ও স্ববিরোধী অবস্থানের কারণে তাঁকে নিয়ে আগাম কিছু বলাটা প্রায় অসম্ভব। বিশেষ করে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামনে রেখে অসলো চুক্তি থেকে সরে আসাটা বিশ্ব সম্প্রদায়কে চমকে দিয়েছে। মধ্যপ্রাচ্য নীতির ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ বাঁক বদলের সিদ্ধান্ত ট্রাম্প একাই নিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ নিয়ে কিছুই জানতেন না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের ক্ষমতা যে খর্ব হবে, এ ঘটনাসহ আরও কিছু ঘটনায় আভাস মিলেছে।
ট্রাম্পের এক মাসের শাসনকাল সম্পর্কে জানতে চাইলে সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন গত শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর প্রায় এক মাসের মতো হলেও পুরো মন্ত্রিসভা গঠন করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই বিভিন্ন সিদ্ধান্ত নিতে গিয়ে তাঁকে হোঁচট খেতে হয়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ নেই। তা ছাড়া হিলারি ক্লিনটনের পরিবর্তে ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সন্তুষ্টির কথাও তাঁর অজানা থাকার কথা নয়। এই অবস্থায় সম্পর্ক জোরদারের জন্য বাংলাদেশের অপেক্ষা করাটাই ভালো।’
ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প নতুন প্রশাসনে কয়েক হাজারের মধ্যে ১০ শতাংশও নিয়োগ করতে পারেননি। এ অবস্থায় নতুন সরকার কোথায় যাচ্ছে আর কী করবে, তা আগাম বলাটা সত্যিই মুশকিলের।
ট্রাম্প সরকারের এই অবস্থায় বাংলাদেশের অবস্থানের বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবীর গত শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রভাবকের ভূমিকা রাখে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ দপ্তর দুটিতে পুনর্গঠন শেষ হয়নি, তাই সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিয়ে কাজ করার আগে বাংলাদেশের জন্য অপেক্ষা করাই শ্রেয়। এর পাশাপাশি এটিও মনে রাখা উচিত, ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শুধু দ্বিপক্ষীয় প্রেক্ষাপট বিবেচনা করলে চলবে না। বিষয়টি বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দেখতে হবে। তাই ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে কেমন প্রভাব রাখবে, তা বিশ্লেষণের ভিত্তিতে বাংলাদেশকে কৌশল ঠিক করতে হবে।