ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা শেখ হাসিনার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সহানুভূতির বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ রোববার সহানুভূতি জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন।
চিঠিতে শেখ হাসিনা লেখেন, ‘দুঃখজনকভাবে আপনি কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন এবং একটি হাসপাতালে আপনার চিকিৎসা শুরু হয়েছে শুনে আমি দুঃখ বোধ করছি।’
করোনাভাইরাস থেকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
চিঠিতে প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘আশা করি, আপনি আগামী দিনে আরও শক্তিশালী ও প্রাণবন্ত মনোভাব নিয়ে আপনার অফিসে ফিরে আসবেন এবং যেন করোনাভাইরাস ও এই–সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আপনার দেশকে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।’
শেখ হাসিনা বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণকে করোনাভাইরাস এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক উদ্যোগ ও বিস্তৃত কর্মসূচি গ্রহণের জন্য আমি আপনার গতিশীল নেতৃত্ব এবং চরম আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করি।’
যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের হুমকি রোধে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে রয়েছে। এই অপ্রত্যাশিত প্রতিকূল সময়ে আমার চিন্তাভাবনা আপনার এবং আপনার পরিবারের সঙ্গে রয়েছে।’