ট্রাম্পকে আরও যাঁরা অভিনন্দন জানালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ বিভিন্ন সংগঠন।

শিরীন শারমিন চৌধুরী তাঁর অভিনন্দন বার্তায় বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় হবে।

রওশন এরশাদ বলেন, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এ বিজয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক খাতসহ বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধাদানে নতুন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আশা করি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে।’