ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শান্তি ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, ডোনাল্ড ট্রাম্পের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
গতকাল বেলা আড়াইটার দিকে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বরাবর পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান। প্রধানমন্ত্রী আশা করেন, তাঁর জয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।
শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি, আপনার (ট্রাম্প) নেতৃত্বে আমাদের দুই বন্ধুরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। আপনার সঙ্গে দ্বিপক্ষীয় ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনের দিকে এগিয়ে নিতে আমি উন্মুখ এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে অবদান রাখতে চাই, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাস করতে পারবে এবং সমৃদ্ধির পথে শান্তিপূর্ণভাবে ক্রমশ এগিয়ে যাবে।’
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনাকে ও মেলানিয়া ট্রাম্পকে আপনাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কী বিস্ময়কর উন্নতি করেছে, আপনারা এসে তা দেখতে পাবেন।’
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বিবৃতিতে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় গণতান্ত্রিক লীগ এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের নেতারা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।