ট্রাম্পের অংশগ্রহণে সৌদি জোটের শীর্ষ সম্মেলন
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে অ্যারাব-ইসলামিক-আমেরিকান সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সৌদি আরব সফরে যাচ্ছেন। রোববার রিয়াদের বাদশাহ আবদুল আজিজ কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় ওই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন সৌদি আরব সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্মেলনে মূলত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ৪১টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০টির বেশি দেশের নেতারা এতে অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
সম্মেলনের লক্ষ্য হচ্ছে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধের প্রসার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা। ভবিষ্যতে সন্ত্রাসবাদ মোকাবিলা, ফিলিস্তিন সংকটসহ এই অঞ্চলে চলমান ভূরাজনৈতিক বিষয়গুলো নিয়েও সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট সৌদি সফরের সময় দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। এর পাশাপাশি তিনি উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) নেতাদের নিয়ে একটি এবং মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে আরেকটি ফোরামে আলোচনা করবেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদের মতো বৈশ্বিক সমস্যা মোকাবিলা করাই সৌদি কেন্দ্রের (জোটের) প্রধান লক্ষ্য। মুসলিম দেশগুলোর মধ্যে এ বিষয়ে সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এর উদ্দেশ্য। সৌদি কেন্দ্রের নামকরণ হয়েছে ‘গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট থট’। বাংলাদেশ মনে করে, এই যে হানাহানি চলছে, এর অবসান হওয়া উচিত। প্রতিটি দেশকে নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের জনগণের জীবন যাপন ও বিকাশে কাজ করতে হবে। সৌদি নেতৃত্বাধীন উদ্যোগকে এখনই জোট বলা ঠিক হবে না। এটি ক্রমবিকাশমান। এ বিষয়ে এখনো লিখিত কিছু হয়নি।’
বাংলাদেশ অবশ্য জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়াইয়ের মাঠে যাবে না। এ ব্যাপারে বাংলাদেশের আগের অবস্থানই অটুট আছে কি না, জানতে চাইলে মাহমুদ আলী বলেন, ‘আমরা আগের অবস্থানেই আছি। তবে মুসলমান দেশ হিসেবে দুই পবিত্র মসজিদের ব্যাপারে যে ভক্তি ও ভালোবাসা আছে, যদি মক্কা ও মদিনার মসজিদ হুমকিতে পড়ে এবং সৌদি আরব আমাদের সহযোগিতা চায়, তাহলে অবশ্যই সৈন্য পাঠাব। যদি এ রকম কিছু হয়, তবে সামরিক সাহায্য দিতে প্রস্তুত থাকব।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জোরালো অবস্থান এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরবেন। এ ছাড়া তিনি তাঁর বক্তৃতায় এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় সম্পর্কে প্রস্তাব তুলে ধরবেন।
সম্মেলনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী ২২ মে মদিনায় পবিত্র রওজা শরিফ জিয়ারত এবং পবিত্র মক্কায় ওমরাহ পালন করবেন। ২৩ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, সৌদি নেতৃত্বাধীন কেন্দ্রকে ক্রমবিকাশমান বলা হচ্ছে, অথচ রিয়াদের সম্মেলনে নতুন জোটের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। জোট যদি ক্রমবিকাশমান হতো, তবে জোটের মন্ত্রী কিংবা কর্মকর্তা পর্যায়ে আসন্ন আলোচনায় প্রতিনিধিত্ব থাকত। কাজেই জোটের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপদ্ধতিতে স্বচ্ছতা থাকা উচিত। তা ছাড়া মুসলিম ওই জোটে সবার অংশগ্রহণও নিশ্চিত করা উচিত।