ট্রাস্ট উইমেন হিরো অ্যাওয়ার্ড পেলেন ফজলে হাসান
নারীর অধিকার রক্ষা ও অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য ‘ট্রাস্ট উইমেন ২০১৪ হিরো অ্যাওয়ার্ড’ পেয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। গত মঙ্গলবার লন্ডনে ট্রাস্ট উইমেন কনফারেন্সে এ পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়।
প্রতিবছর এ কনফারেন্স আয়োজন করে থমসন রয়টার্স ফাউন্ডেশন। বিশ্বব্যাপী নারীদের নানা সংকট মোকাবিলায় অবদানের জন্য দুজন করে বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের জন্য এমন ব্যক্তিদের বেছে নেওয়া হয়, যাঁদের উদ্ভাবনী চিন্তা ও জনগুরুত্বপূর্ণ কাজ নারীদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং উন্নয়নে সহায়তা করে।
এ পুরস্কারের জন্য এ বছর বিশ্বের ৪৫টির বেশি দেশের ১৬০ ব্যক্তি মনোনয়ন পান। এর মধ্য থেকে ট্রাস্ট উইমেনের ১৩ সদস্যবিশিষ্ট অ্যাডভাইজরি বোর্ড স্যার ফজলে হাসান আবেদকে নির্বাচন করে। তাঁর পক্ষ থেকে জর্ডানের রানি নূর আল-হোসেইনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন যুক্তরাজ্য ব্র্যাকের কাউন্সিল অব ট্রাস্টির চেয়ারপারসন সিমন সুলতানা। বিজ্ঞপ্তি।