ট্রাস্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ক্যামব্রিয়ান মামলা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর উত্তরার ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি এ মামলাটি করেন গুলশানের ক্যামব্রিয়ান কলেজের ভাইস চেয়ারম্যান খন্দকার সেলিমা রওশন। মামলার অপর দুই আসামি হলেন ক্যামব্রিয়ান কলেজের সাবেক হিসাবরক্ষক মো. সেলিম রেজা ও মো. নাজমুল হুদা।মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত বাড্ডা থানা পুলিশকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।মামলা আরজিতে বলা হয়, বশির আহাম্মেদ ক্যামব্রিয়ান কলেজে চাকরিতে থাকাকালীন ২০০৭-০৮ সালের বিভিন্ন তারিখে জাল ভাউচার করে টাকা উত্তোলন করে কলেজের হিসাবে জমা না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেন। ২০০৯ সালের নিরীক্ষা প্রতিবেদনে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে গত বছরের ২৫ মে আইনগত নোটিশ দেওয়া হয়। কিন্তু আসামিরা জবাব দেননি। এ কারণে আদালতে মামলা করা হয়।বশির আহাম্মেদের বক্তব্য: ট্রাস্ট কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশির আহাম্মেদ ভূঁইয়া বলেন, ‘অভিযোগকারী আমাকে ও আমার প্রতিষ্ঠান ট্রাস্ট কলেজকে হেয় করার জন্য একাদশ শ্রেণীতে ভর্তি চলার সময়ে এই মিথ্যা মামলাটি করেছেন।’ তাঁর মতে, অভিযোগটি বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন, যে মিথ্যা অভিযোগে মামলাটি করা হয় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে বশির আহাম্মেদ ভূঁইয়ার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ক্যামব্রিয়ান কলেজ) বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হয়নি। উল্লেখ্য, বশির আহাম্মেদ ক্যামব্রিয়ান কলেজ থেকে বের হয়ে ট্রাস্ট কলেজ প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই ক্যামব্রিয়ান কলেজের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে।