ট্রাস্ট ব্যাংকের এমডিসহ তিন ব্যাংকারের বক্তব্য নিয়েছে দুদক

ইউরোপা গ্রুপের স্বত্বাধিকারী সেলিম চৌধুরীর মালিকানাধীন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিন ব্যাংকারের বক্তব্য নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ওই তিন কর্মকর্তা দুদকে হাজির হয়ে বক্তব্য দেন।
দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। যাঁদের বক্তব্য নেওয়া হয়েছে, তাঁরা হলেন ট্রাস্ট ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক আহমেদ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবু জাফর হেদায়তুল ইসলাম এবং ইভিপি অ্যান্ড সিআরএম সৈয়দ মনছুর মোস্তফা। দুদকের উপপরিচালক সামছুল আলম ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সমন্বয়ে একটি দল ব্যাংকারদের বক্তব্য নেন। তাঁরাই অভিযোগটি অনুসন্ধান করছেন।
এর আগে ইউরোপা গ্রুপের স্বত্বাধিকারী সেলিম চৌধুরীসহ ইউরোপা গ্রুপ ও ট্রাস্ট ব্যাংকের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এরই মধ্যে ট্রাস্ট ইউরোপা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমআর গ্লোবাল লিমিটেডের নামে ব্যাংক থেকে ১০ কোটি টাকা জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। ইউরোপা ফুড অ্যান্ড বেভারেজের নামে ৩৪ কোটি টাকা ওভারড্রাফট (ওডি) হিসাব থেকে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তরের (মানিলন্ডারিং) অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে। এখন এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই এ ঘটনায় মামলা হতে পারে।
ওই কর্মকর্তা জানান, ইউরোপা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অগ্রণী, রূপালী ও ট্রাস্ট ব্যাংকের তিনটি শাখা থেকে ঋণের নামে শত কোটি টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় ২০১৭ সালের ২৫ জুলাই। অভিযোগের মধ্যে রয়েছে, অগ্রণী ব্যাংকের পুরানা পল্টন শাখার সাবেক শাখা ব্যবস্থাপকের সহায়তায় ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল কাগজপত্রের মাধ্যমে হিসাব খুলে অগ্রণী ও ট্রাস্ট ব্যাংকের তেজগাঁও শিল্প এলাকা শাখা এবং রূপালী ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণের নামে বিপুল অর্থ তুলে নিয়ে আত্মসাৎ করা হয়।
এরপর থেকে এ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতে থাকে দুদকের অনুসন্ধান দল। উপরিচালক সামছুল আলমের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দলের আরেক সদস্য সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।