ট্রিপল সেঞ্চুরি করায় সম্মাননা পেল মোস্তাফিজুর
স্কুল ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করায় মোস্তাফিজুর রহমানকে সম্মাননা দিয়েছে লালমনিরহাট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মোস্তাফিজুর লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত ৬ ফেব্রুয়ারি সে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের এক খেলায় ব্যক্তিগতভাবে ৩২৫ রান করে। ১৪২ বলের ওই ইনিংসে এই খুদে ক্রিকেটার ৩৫টি চার ও ১৯টি ছয় হাঁকায়। খেলায় তাদের বিদ্যালয়ের দল ৫১৫ রান করে বিজয়ী হয়। তাদের প্রতিপক্ষ লালমনিরহাট গিয়াসউদ্দিন উচ্চবিদ্যালয় সব উইকেট হারিয়ে ১১৭ রান করে।
এই অসাধারণ কৃতিত্বের জন্য মোস্তাফিজুর রহমানকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেয় লালমনিরহাট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। এর অংশ হিসেবে গতকাল জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে একটি সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ওই মিলনায়তনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ সফুরা বেগম, জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটি বিশেষ প্রচারপত্র প্রকাশ করে। এতে তথ্যসূত্র হিসেবে প্রথম আলো, প্রথম আলো অনলাইন, ছুটির দিনে এবং মাসিক কিশোর আলোতে প্রকাশিত চারটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে।