ট্রুথ কমিশন নিয়ে আপিল শুনানি ১২ মে পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্য ও জবাবদিহিতা কমিশনকে (ট্রুথ কমিশন) অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল অনুমতির (লিভ টু আপিল) আবেদনের ওপর শুনানি ১২ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।গতকাল রোববার আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি মুলতবি করেন।২০০৮ সালের ৮ জুন তত্ত্বাবধায়ক সরকার ‘স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮’ জারি করেন। এর আলোকে গঠিত ট্রুথ কমিশন ওই বছরের ৩ আগস্ট থেকে কার্যক্রম শুরু করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, বেসরকারি সংস্থা উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, দীপু মনি (বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী) ও মানবাধিকার সংগঠন অধিকারের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন যৌথভাবে হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৮ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ-২০০৮ অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ে ট্রুথ কমিশন গঠন এবং ট্রুথ কমিশন গঠনের পর এর কার্যক্রমকেও অবৈধ ঘোষণা করা হয়।ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ওই বছরের ১৬ নভেম্বর রায়ের কার্যকারিতা স্থগিত করেন। পাশাপাশি লিভ টু আপিল করতে বলা হয়।এরপর ট্রুথ কমিশন থেকে ‘দায়মুক্তি’ পাওয়া সড়ক ও জনপথ বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী মঞ্জুর আহমেদসহ আরও কয়েকজন গত বছর লিভ টু আপিল করেন। গতকাল তা শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসে।গতকাল রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ ও মো. আসাদুজ্জামান এবং আপিল আবেদনকারীর পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি মামলা পরিচালনা করেন। মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, লিভ টু আপিলকারীর পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১২ মে পর্যন্ত লিভ টু আপিল শুনানি মুলতবি করেন।