ট্রুথ কমিশনে যাওয়া সওজের ২১ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
বিলুপ্ত সত্য ও জবাবদিহি কমিশনে (ট্রুথ কমিশন) স্বেচ্ছায় দুর্নীতির কথা স্বীকার করে মার্জনা পাওয়া সওজের ২১ কর্মকর্তার বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দুজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আটজন নির্বাহী প্রকৌশলী ও তিনজন সহকারী প্রকৌশলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বাকি ছয়জন উপসহকারী প্রকৌশলী ও একজন উচ্চমান সহকারীকে তা ৎ ক্ষণিকভাবে ঢাকা জোন থেকে বাইরে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সন্ধ্যায় যোগাযোগ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ৪২ জন কর্মকর্তা স্বেচ্ছায় দুর্নীতির কথা স্বীকার করেছিলেন। এসব কর্মকর্তার প্রায় সবাইকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পদোন্নতি ও পদায়ন করা হয়। প্রধান প্রকৌশলীসহ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হন অনেকেই। বর্তমানে এঁদের অনেকে অবসরে চলে গেছেন।যেসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তাঁরা হলেন: সোহরাব উদ্দিন মিয়া, আবদুল আলিম জোয়ার্দার, বদরুল আলম, মনজুর আহমেদ ভূঁইয়া, খোন্দকার গোলাম মোস্তফা, পিয়ার মোহাম্মদ, জর্জেস হোসেন, সানাউল হক, এ কে এম আজাদ রহমান, আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান, শফিউল আজম ভূঁইয়া, মোস্তাক আহমেদ চৌধুরী, নূর আলম ও আবুল বাশার।তাঁদের মধ্যে সোহরাব উদ্দিন মিয়া ও আবদুল আজিম জোয়ার্দার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও বদরুল আলম তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। মনজুর আহমেদ ভূঁইয়াকে আগেই ওএসডি করা হয়েছিল। বাকি সবাই নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী ছিলেন।এ ছাড়া প্রজ্ঞাপনে যেসব কর্মকর্তাকে ঢাকা জোন থেকে বাইরে বদলি করা হয়েছে তাঁরা হলেন: নুরুল হক, মোহাম্মদ আলী, এমদাদুল হক, কাজী নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, আবদুল মতিন, মাজহারুল ইসলাম।