ট্রেইলারগুলো ত্রিপুরায়
ভারতের ত্রিপুরার পালাটানায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভারী যন্ত্রাংশবাহী চারটি ভারতীয় ট্রেইলার আখাউড়া স্থলবন্দর হয়ে গতকাল মঙ্গলবার ত্রিপুরায় গিয়ে পৌঁছেছে।৮০ থেকে ১২০ টন ওজনের ১৩০ চাকার ট্রেইলারগুলো গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় আশুগঞ্জ নৌবন্দর ছেড়ে আসে। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায় ট্রেইলারগুলো।আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষে ট্রেইলারগুলো ত্রিপুরায় যাওয়ার আগ পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, আখাউড়া বন্দরটি রপ্তানিমুখী। এই বন্দর দিয়ে প্রতিদিন দেড় শতাধিক ট্রাকে করে বিভিন্ন পণ্য আগরতলায় রপ্তানি করা হয়। কয়েক ঘণ্টা বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ৫০টিরও বেশি ট্রাকের পণ্য রপ্তানি করা যায়নি।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী বলেন, ট্রেইলার চলাচলের সময় কয়েক ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে আগরতলা শুল্ক বিভাগ সকাল থেকে পণ্য নেওয়ায় খুব একটা সমস্যা হয়নি।জানা যায়, ত্রিপুরার পালাটানায় একটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড। কেন্দ্রটি নির্মাণের জন্য আশুগঞ্জ নৌবন্দর হয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ৯৬টি ভারতীয় ট্রেইলারের মাধ্যমে যন্ত্রাংশ নেওয়া হবে। এ বিষয়ে গত ৩০ নভেম্বর বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক সই হয়। প্রতিবেশী ভারতের সঙ্গে বহুমাত্রিক পদ্ধতিতে ট্রানজিটের ব্যাপারে এটাই প্রথম কোনো চুক্তি।