
ট্রেড ইউনিয়ন করতে গিয়ে শ্রমিকেরা নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। সাভারের রানা প্লাজা ধসের পর আইন সংশোধন করে কারখানায় ট্রেড ইউনিয়ন করার সুযোগ সৃষ্টি করা হলেও তা শ্রমিকদের জন্য আশাব্যঞ্জক কোনো ফল বয়ে আনছে না।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রকাশিত ‘মাথা তুলে দাঁড়ায় যারা, ভোগান্তির শিকার সবচেয়ে বেশি তারা: বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক অধিকার’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন হিউম্যান রাইটস ওয়াচের এশীয় অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন।
প্রতিবেদন অনুযায়ী শ্রমিকদের অভিযোগ, এই নির্যাতন করা হচ্ছে মালিকদের পক্ষ থেকে। এমনকি এটি করতে গিয়ে শ্রমিকেরা চাকরিচ্যুত হচ্ছেন। বাংলাদেশের ৪৪টি পোশাক কারখানার ১৬০ জন শ্রমিকের সাক্ষাৎকার এবং মালিকসহ এ খাতে সংশ্লিষ্ট আরও ৪০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদনটি করা হয়। প্রতিবেদন প্রকাশের সময় ফিল রবার্টসন বলেন, সরকার শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করছে না। শ্রমিকরাও মনে করেন, শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করেও তাঁরা বিচার পাবেন না।
বেশ কিছু উদাহরণ তুলে ধরে রবার্টসন বলেন, একজন নারী শ্রমিক জানিয়েছেন তাঁকে এমন কক্ষে নিয়ে মারধর করা হয়েছে, সেখানে বিদেশি ক্রেতারা কেনাবেচার কার্যক্রম পরিচালনা করেন। শুধু তাই নয়, পর্দায় রড দিয়ে ওই নারীকে মারধর করা হয়। এমনকি কারখানার চেয়ারম্যানের কক্ষে নিয়েও মারধর করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, ট্রেড ইউনিয়ন করা ঠেকাতে বাইরের মাস্তান ভাড়া করেও মারধর করা হয়। নারী শ্রমিকদের অশ্লীল গালিগালাজ করা হয়। এমন আচরণ করা হয়, যা যৌন হয়রানির শামিল।
সংস্থাটি তাদের প্রতিবেদনে বলছে, শ্রমিক ইউনিয়নের নিবন্ধন-প্রক্রিয়া সহজ করা হলেও এখন পর্যন্ত কেবল ১০ ভাগের কম কারখানায় ইউনিয়ন আছে। দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এখনো শ্রমিক ইউনিয়নের সুযোগ নেই।
প্রতিবেদনে যে ৪৪টি কারখানার শ্রমিকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার কোনোটিতেই সঠিক সময়ে বেতন দেওয়া হয় না বলে উল্লেখ করেন রবার্টসন। প্রতিবেদনে এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শ্রম আইন আন্তর্জাতিক মানের করাসহ বেশ কিছু সুপারিশ করা হয়।
প্রতিবেদন উপস্থাপনের সময় শ্রমিক নেতা বাবুল আখতারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।