ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা চান আন্দোলনকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক শিল্পকারখানায় কাজের পরিবেশের উন্নয়নে ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন শ্রম অধিকার আন্দোলন কর্মীরা।

আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গার্মেন্টস শিল্প: নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকের ক্ষতিপূরণ’ শীষর্ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম এবং গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ নামে দুটি সংগঠন এর আয়োজন করে।
আলোচনায় তৈরি পোশাক খাতের নেতারা বলেন, ট্রেড ইউনিয়ন থাকলে মালিকেরা যথেচ্ছভাবে কারখানা পরিচালনা করতে পারতেন না। রানা প্লাজার উদাহরণ টেনে তাঁরা বলেন, ওই কারখানার শ্রমিকেরা সংঘবদ্ধ থাকলে ওই দিন মালিক শ্রমিকদেরকে কাজে যেতে বাধ্য করতে পারতেন না।
আলোচনা সভায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, আমাদের বাজার অর্থনীতি নিরাপদ ও সুষ্ঠু কর্মব্যবস্থা নিশ্চিত করতে পারছে না। এ জন্য সামাজিক আন্দোলনের মাধ্যমে চাপ তৈরি করতে হবে।
আর এ শিল্পের তথ্য-উপাত্তের জন্য শুধু সরকারের ওপর নির্ভর নয়, নিজেদেরও উদ্যোগী হয়েও পরিসংখ্যান তৈরির আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি স্বাস্থ্য, মাতৃত্বকালীন সুযোগ সুবিধা নিশ্চিত করা, কমপ্লায়েন্স ব্যবস্থাপনার উন্নতি, বিল্ডিং কোডের বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহম্মদ পোশাকশিল্পে ক্ষতিপূরণ দেওযার গতি দ্রুত করার দাবি জানান। আর ক্ষতিপূরণের হার নির্ধারণে শুধু আন্তর্জাতিক আইন ও রীতির অনুসরণ না করে নিজেদের প্রেক্ষাপট বিবেচনার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের আহ্বায়ক আবুল হোসাইন।