ট্রেড ইউনিয়ন আন্দোলনকে শক্তিশালী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেছেন, দেশের মানুষ বারবার এক সংকট থেকে বাঁচতে গিয়ে আরও এক কঠিন সংকটের মধ্যে পড়ছে। এই সংকটের আবর্ত থেকে মুক্তি পেতে হলে ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সঠিক ধারায় শক্তিশালী করতে হবে। আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে হবে। রাজনীতিতে শ্রমিক ও শ্রমিক আন্দোলনকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া চলবে না।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলন: ঐতিহ্যের আলোকে ভবিষ্যতের পথ চলা’ শীর্ষক স্মারক বক্তৃতায় মনজুরুল আহসান এ কথা বলেন। প্রতিবছরের মতো এবারও মে দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এ স্মারক বক্তৃতার আয়োজন করে। এতে সরকাির ও বেসরকারি সংস্থার কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ট্রেড ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারক বক্তৃতায় প্রবীণ শ্রমিকনেতা মনজুরুল আহসান খান বলেন, বাংলাদেশের মালিকেরা শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে চান না। পোশাকশিল্পের মালিকেরা জাতীয় এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠন করতে সবরকম বাধা দিচ্ছেন। সরকার মালিকদের এসব বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মালিকদের প্রশ্রয় ও সমর্থন দিচ্ছে।
মনজুরুল আহসান বলেন, দেশে সুস্থ, সৎ, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও বিপ্লবী ট্রেড ইউনিয়নের ধারা শক্তিশালী করতে হবে। তিনি বাংলাদেশে ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক অধিকারের ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা সনদ এবং দেশের শ্রম আইনে যা আছে সে অনুসারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান৷