ট্রেড ইউনিয়ন করতে চাইলেই চলছে নির্যাতন-নিপীড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশের পোশাক কারখানায় যে শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে চান, তাঁদের ভাগ্যে জুটছে মারধর, নির্যাতন ও যৌন নিপীড়ন। ছবি: রয়টার্স
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশের পোশাক কারখানায় যে শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করতে চান, তাঁদের ভাগ্যে জুটছে মারধর, নির্যাতন ও যৌন নিপীড়ন। ছবি: রয়টার্স

ট্রেড ইউনিয়ন করতে আগ্রহী শ্রমিকদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে পোশাক কারখানার মালিকেরা। বাংলাদেশের পোশাক কারখানার মালিকেরা ইউনিয়নে উত্সাহী শ্রমিকদের কেবল মারধর করেই ক্ষান্ত হচ্ছেন না, হত্যার হুমকিও দিচ্ছেন এবং যৌন নিপীড়নের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।রয়টার্স বলছে, গত বছর এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ জন শ্রমিক নিহত ও হাজার হাজার শ্রমিক আহত হওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। শ্রমিক অসন্তোষ প্রশমিত করতে জুলাই মাসে দেশের শ্রম আইন সংশোধন করা হয়। নতুন আইনে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ নিশ্চিতের কথা বলা হয়। অথচ তা কার্যকরের কোনো উদ্যোগ দেখা যায়নি।
রয়টার্স বলছে, নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত অক্টোবর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ও এর আশপাশের ২১টি কারখানার ৪৭ জন শ্রমিকের সাক্ষাত্কার নিয়েছে। ওই সাক্ষাত্কারগুলোতে শ্রমিকেরা তাঁদের ওপর চলা নির্যাতন-নিপীড়নের খোলামেলা বর্ণনা দিয়েছেন।
শ্রমিকদের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের পর মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘শ্রমিকদের দাবি, তাঁরা ইউনিয়ন করতে চাইলে কারখানার ব্যবস্থাপকেরা কেবল ভয়ভীতি প্রদর্শন ও খারাপ ব্যবহারই করেন না, কখনো কখনো হত্যার হুমকিও দেন। ... অনেক ইউনিয়ন সংগঠক বলেছেন, তাঁদের মারধর করা হয়েছে। কেউ বলেছেন, তাঁদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে। শ্রমিকেরা অভিযোগ করেছেন, অনেক সময় কারখানার মালিকেরা স্থানীয় মাস্তানদের ভাড়া করেন। এসব মাস্তান কারখানার বাইরে কোনো স্থানে বা বাড়িতে সংগঠকদের ওপরে হামলা চালায়।
এক নারী শ্রমিককে উদ্ধৃত করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ওই নারী ইউনিয়ন করার অনুমতি চেয়ে তাঁর কারখানার মালিকের কাছে দরখাস্ত জমা দিতে গিয়েছিলেন। কিন্তু মালিক দরখাস্ত নিয়ে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেন এবং বলেন, তিনি কখনোই ইউনিয়ন করতে দেবেন না।
এরপর ওই নারীর সঙ্গে থাকা দুই সহকর্মীর ওপর অজানা দুর্বৃত্তরা হামলা চালায়। দুই সপ্তাহ পর মালিকের ভাই স্থানীয় মাস্তানদের নিয়ে তাঁর বাড়িতে যান এবং তাঁকে পদত্যাগে বাধ্য করেন।
অনেক নারী শ্রমিক জানিয়েছেন, ইউনিয়ন করতে চাওয়ায় তাঁদের এমন সব নির্যাতনে শিকার হতে হয়েছে যেগুলো যৌন নিপীড়নের পর্যায়ে পড়ে।
রয়টার্স বলছে, এ বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে কোনো মতামত পাওয়া যায়নি।
তবে শ্রমসচিব মিকাইল শিপার বলেছেন, শ্রম আইনে নতুন সংশোধনী আনার পর শ্রমিকদের অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বলেন, ‘সংশোধনীর পর এখন পর্যন্ত ৯৯টি ইউনিয়নের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। ১৬টি কারখানার শ্রমিকেরা মালিকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে।’
রয়টার্স বলছে, শ্রমিক অধিকারের বিষয়টি নিশ্চিত না হলে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পোশাক নেওয়া বন্ধ করে দেবে, এমন হুমকি দেওয়ার পর থেকে বাংলাদেশে শ্রমিকদের ভালো কাজের পরিবেশ নিশ্চিতের চেষ্টা শুরু হয়েছে।