
পোশাকশিল্পে গত আট বছরে শ্রম সংঘ বা ট্রেড ইউনিয়ন হয় ৩৮টি। আর শ্রম আইন সংশোধনের পর গত এক বছরে হয়েছে ১৪৬টি। অবশ্য সরকার ও পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর দেওয়া ইতিবাচক এই তথ্যের পেছনে জড়িয়ে আছে শ্রমিকদের দুঃখ-কষ্ট। এখনো ইউনিয়ন করতে গিয়ে শারীরিক নির্যাতন ও ছাঁটাইয়ের খড়্গে পড়ছেন শ্রমিকেরা। আছে চাকরি হারানোর ভয়।
একাধিক শ্রমিকনেতা পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে স্বীকার করেন। তবে তাঁদের অভিযোগ, মালিকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। তাঁরা শ্রমিকদের ইউনিয়ন করতে নানাভাবে বাধা দিচ্ছেন। হয়রানি করছেন। পছন্দের শ্রমিকদের দিয়ে পাল্টা ইউনিয়নও করাচ্ছেন কেউ কেউ। আবার যেসব কারখানায় হয়েছে, সেখানকার শ্রমিকেরাও মালিকদের চাপে স্বাধীনভাবে ইউনিয়নচর্চা করতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ছয় মাসে ট্রেড ইউনিয়ন করার ‘অপরাধে’ অন্তত ১২টি কারখানার প্রায় সাড়ে তিন শ শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন। এ ছাড়া, ইউনিয়ন করার অভিযোগে নয়জন শ্রমিকের বিরুদ্ধে মামলাও করেছে একটি কারখানা। এই ১৩ কারখানার মধ্যে সাতটির বিরুদ্ধে গত নভেম্বরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ) শ্রম মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দেয়। এতে বলা হয়, এসব কারখানার ১৮১ জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্রে এই শ্রমিকদের স্বাক্ষর নিয়েছে মালিকপক্ষ।
গত সোমবার যোগাযোগ করা হলে এনজিডব্লিউএফের সভাপতি আমিরুল হক জানান, সাতটির মধ্যে চারটি কারখানার সমস্যার সমাধান হয়নি। সেগুলো হচ্ছে—ফ্যাশন টেক্স নিটওয়্যার, ডরিন ওয়াশিং প্লান্ট, র্যাডিকেল ডিজাইন ও সোয়েব নিট কম্পোজিট। এর মধ্যে অক্টোবরে ডরিনের ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ ১৪ জন এবং নভেম্বরে র্যাডিকেলের ইউনিয়নের ১০ কার্যকরী সদস্যসহ ৩৫ জনকে মৌখিকভাবে ছাঁটাই করা হয়। এখনো তাঁদের কারখানায় ঢুকতে দিচ্ছে না মালিকপক্ষ।
গাজীপুরের রাজ ওয়াশিং কারখানার ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুলের ওপর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে আহত এবং পরে তাঁকে এলাকাছাড়া করা হয়েছে—এমন তথ্য দিয়ে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘নিবন্ধন পাওয়া ইউনিয়নের মধ্যে ২০ শতাংশই মেনে নেয়নি মালিকপক্ষ। এগুলোর অবস্থা ভয়াবহ খারাপ।’ তিনি অভিযোগ করে বলেন, বড় বড় কারখানার মালিক ও বিজিএমইএর নেতাদের কারখানাতেই ইউনিয়ন করা বেশি সমস্যা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মালিকেরা মানসিকভাবে এখনো প্রস্তুত নন। এ জন্য তাঁরা নানাভাবে বাধা দিচ্ছেন। তিনি আরও বলেন, আইনে থাকলেও অদৃশ্য কারণে ইউনিয়ন নিবন্ধন পেত না। আন্তর্জাতিক চাপে পড়ে এই সমস্যার সুরাহা হয়েছে। গত এক বছরে বেশ কিছু নিবন্ধন পেয়েছে। তবে হয়রানি বন্ধ করতে শ্রমিকদের আইনি সুরক্ষা দিতে হবে।
দীর্ঘদিন ধরেই শ্রমিকদের স্বার্থ রক্ষায় পোশাকশিল্পে ট্রেড ইউনিয়ন গঠন করতে চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মহল। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ট্র্যাজেডির পর এটি আবার আলোচনায় আসে। অন্যদিকে জিএসপি-সুবিধা ফিরে পেতে আমেরিকা গত জুনে বাংলাদেশকে দেওয়া রূপরেখায় কারখানার কর্মপরিবেশ উন্নতির পাশাপাশি ট্রেড ইউনিয়ন গঠনে জোর দেওয়া হয়। এই প্রেক্ষাপটে গত ১৫ জুলাই জাতীয় সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন), ২০১৩ বিল পাস হয়।
সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন গঠনের সময় শ্রমিকদের নামের তালিকা মালিকদের অবগতির জন্য দেওয়ার বিধান বাতিল করা হয়। তবে নতুন উপধারা—শ্রম পরিচালক সরেজমিন প্রতিষ্ঠান পরিদর্শন করে ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়ার বিষয়টির সঠিকতা নির্ধারণসহ সংশোধিত আইনে আরেকটি বাধা আগের মতোই রেখে দেওয়া হয়। তা হচ্ছে, কোনো প্রতিষ্ঠানের শ্রমিকসংখ্যার ন্যূনতম ৩০ শতাংশ সদস্য ট্রেড ইউনিয়নের সদস্য না হলে সেই ইউনিয়ন নিবন্ধন পাবে না। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলো ১০ শতাংশ করার দাবি করেছিল।
সব মিলিয়ে সংশোধিত শ্রম আইন নিয়ে মালিকেরা খুশি হলেও ক্ষুব্ধ হন শ্রমিক নেতারা। এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থাও (আইএলও) নিজেদের
অসন্তুষ্টির কথা জানিয়ে দেয়। সংস্থার মতে, সংশোধন করলেও তা আন্তর্জাতিক শ্রমমানের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সংগতিপূর্ণ নয়।
গত সোমবার টিকফার প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহালে ১৬ দফার কর্মপরিকল্পনা অনুযায়ী কর্মপরিবেশের উন্নতিতে ‘যথেষ্ট অগ্রগতি’ হয়েছে বলে মত দেয় মার্কিন প্রতিনিধিদল। তবে ট্রেড ইউনিয়নের নেতাদের প্রতি হয়রানিমূলক আচরণ অব্যাহত থাকা এবং ইপিজেডে ট্রেড ইউনিয়ন অধিকারের বিষয়টি অমীমাংসিত থাকায় মার্কিন উদ্বেগ রয়ে গেছে।
মাসকান জিনস, এফকোর্ট ও তিতাস ফ্যাশনের কারখানায় ইউনিয়ন নিবন্ধন পাওয়ার পর সাধারণ সম্পাদক ও সভাপতিকে ছাঁটাই করে মালিকপক্ষ। এমন তথ্য দিয়ে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র বলেন, শ্রম সংঘ করতে দেওয়া মানে দয়াদাক্ষিণ্য নয়। এটি শ্রমিকদের ন্যায্য অধিকার। সরকার ও পোশাকশিল্পের মালিকদের অনুধাবন করতে হবে যে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করতে হলে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড মেনে চলতে হবে।
এ বিষয়ে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া হবে না, এটাই বিজিএমইএর অবস্থান। সুস্থ ও গঠনমূলক ট্রেড ইউনিয়নকে আমরা সব সময় স্বাগত জানাতে প্রস্তুত। ইউনিয়ন করা শ্রমিকের দেশীয় ও আন্তর্জাতিক আইনগত অধিকার।’ ট্রেড ইউনিয়নবিষয়ক সমস্যা সমাধানে বিজিএমইএতে একটি সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।