ট্রেড ইউনিয়নের কর্মীদের মতো আচরণ না করার জন্য চিকিত্সকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
চিকিত্সা পেশাকে মহত্ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিত্সকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কোনো ট্রেড ইউনিয়ন নয়। চিকিত্সকদের প্রথম কাজ রোগীর সেবা দেওয়া, এ কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিত্সকদের এক মিনিটের কর্মবিরতিতে একটি জীবনহানি ঘটতে পারে।
রাজশাহীতে চিকিত্সকদের ধর্মঘটের উদাহরণ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘তারা অন্যভাবেও প্রতিবাদ করতে পারত। রোগীর সেবা প্রদান বন্ধ করা তাদের উচিত হয়নি।’
মোহাম্মদ নাসিম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আওতায় চিকিত্সকদের রোগী দেখাসংক্রান্ত বিদ্যমান আইনের আধুনিকীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন। সরকার বিএমডিসির আইন সংস্কার করে সেখানে তদন্তপূর্বক শাস্তির বিধান সংযোজনের বিষয়টি চিন্তা করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, চিকিত্সার কারণে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও চিকিত্সকদের চেম্বার ভাঙচুরের বিষয়টি এখন নিয়মিত ঘটছে। এ ধরনের ঘটনা আশা করা যায় না। তিনি এ ধরনের ঘটনার দ্রুত সমাধানের লক্ষ্যে চিকিত্সক নেতাদের আরও বেশি দায়িত্ববান হওয়ারও আহ্বান জানান। চিকিত্সকদের রোগীর সেবা প্রদান থেকে বিরত থাকার কোনো সুযোগ থাকা উচিত নয় বলে তিনি উল্লেখ করেন।