ট্রেড লাইসেন্স ও কর নিয়ে পৌরসভা-এনজিও দ্বন্দ্ব
বেসরকারি সংস্থার (এনজিও) ট্রেড লাইসেন্স ও পৌরকর লাগবে কি না, এ নিয়ে মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এনজিও ও পৌর কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।
মেহেরপুরে ট্রেড লাইসেন্স না নেওয়া এবং পৌরকর পরিশোধ না করার অভিযোগে ব্যুরো বাংলাদেশ নামের একটি এনজিও বন্ধের নির্দেশ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পাশাপাশি চিঠি দিয়ে সব এনজিওকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি দিয়ে ট্রেড লাইসেন্স নিতে এবং কর পরিশোধ করতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেড লাইসেন্স না নেওয়ায় এবং পৌরকর না দেওয়ায় গত ২৩ সেপ্টেম্বর ব্যুরো বাংলাদেশ মেহেরপুর শাখাকে ৬০ হাজার টাকা পরিশোধ করার চিঠি দেওয়া হয়। ওই দিনই পৌর মেয়র মুতাছিম বিল্লাহ এনজিও অফিসে গিয়ে শাখা ব্যবস্থাপকের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যান। পরে এক চিঠিতে তিন দিনের মধ্যে ট্রেড লাইসেন্স করতে এবং কর পরিশোধে ব্যর্থ হলে মোটরসাইকেলটি নিলামে তোলাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চিঠি চালাচালি হয়।
ব্যুরো বাংলাদেশ মেহেরপুর শাখার ব্যবস্থাপক আনারুল ইসলাম বলেন, এনজিও ট্রেড লাইসেন্স ও করের আওতামুক্ত—এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট বিধান রয়েছে। তাই পৌর কর্তৃপক্ষের নির্দেশের পরও তাঁরা ট্রেড লাইসেন্স ও পৌরকর এখনো পরিশোধ করেননি।
২ অক্টোবর আলমডাঙ্গার পৌর মেয়র মীর মহিউদ্দিনের সই করা নোটিশে আলমডাঙ্গার সব এনজিওর ব্যবস্থাপককে ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ‘সরকারি প্রজ্ঞাপন “পৌরসভা আদর্শ কর তফসিল ২০১৪”-এর ৬ (৩), ২, ৩ ও ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পৌর এলাকার মধ্যে লাভজনক ব্যবসা/কারবারে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানকে পৌরসভা থেকে বাধ্যতামূলকভাবে ট্রেড লাইসেন্স নিতে হবে।’ এ জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।
পরে ১০ নভেম্বর চুয়াডাঙ্গা ব্র্যাক প্রতিনিধি (ডিবিআর) মো. জাহাঙ্গীর আলম পৌর মেয়রের কাছে চিঠি দেন। এতে তিনি উল্লেখ করেন, ‘২০০৬ সালের ১৯ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত চিঠি তৎকালীন সব পৌর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে উৎসাহিত করতে এ খাতের আয়কে সরকার আয়করমুক্ত ঘোষণা করেছে। এ অবস্থায় এনজিওগুলো থেকে ট্রেড লাইসেন্স ফি আদায় থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।’
গত মঙ্গলবার আলমডাঙ্গার একাধিক এনজিওর ব্যবস্থাপকের সঙ্গে কথা বললেও তাঁরা সরাসরি মন্তব্য করতে চাননি। তবে জেলা ব্র্যাক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় জেলা প্রশাসন ও পৌরসভার সঙ্গে করণীয় নিয়ে আলোচনা চলছে।
মেহেরপুর জেলা এনজিও সমন্বয় সমিতির সভাপতি ও পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন বলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা ট্রেড লাইসেন্স না থাকা এবং কর পরিশোধ না করার অভিযোগে এনজিও বন্ধের চিঠি দিয়েছে। তিনি এনজিওর ট্রেড লাইসেন্স ও পৌরকর লাগবে কি না, এ বিষয়ে সরকারের পরিষ্কার নির্দেশনা দাবি করেছেন।