ট্রেড লাইসেন্স দিয়ে চিকিৎ সাসেবা!
চিকিৎ সাসেবা দেওয়ার কোনো লাইসেন্স ছাড়াই দীর্ঘ দুই বছর ধরে চালানো হয়েছে একটি হাসপাতাল। হাসপাতালটি রংপুরের মাহীগঞ্জে। এর নাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। মাহীগঞ্জ পৌরসভার উদ্যোগে এটি ১৯৯৮ সালে চালু করা হয়েছিল। পরে লোকসান হওয়ায় ২০০৯ সালের জুন মাসে বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে এটি এক ব্যক্তির কাছে ইজারা দেওয়া হয়। তাঁরাও চিকিৎ সাসেবা চালানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লাইসেন্স নেননি। এমনকি কোথাও আবেদনও করেননি। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বেসরকারি উদ্যোগে হাসপাতাল কিংবা ক্লিনিক ব্যবসা করতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। সেখান থেকে জেলা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে জেলা সেভিল সার্জনকে জানানো হয়। কিন্তু এ হাসপাতালের পক্ষ থেকে কোথাও কোনো আবেদন করা হয়নি। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে পৌরসভা তাদের নিজেদের জায়গায় দোতলা ভবন নির্মাণ করে ৩০ শয্যার একটি হাসপাতাল চালু করে। কম টাকায় চিকিৎ সাসেবা দেওয়ার জন্য তখন হাসপাতালটি চালু করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বছরের জানুয়ারি মাস থেকে পৌরসভা প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা ভাড়ায় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে এটি ইজারা দেয়। এ জন্য এক লাখ টাকা জামানত হিসেবে নেওয়া হয়। ওই ব্যক্তি পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে হাসপাতালটি চালাতেন। সিভিল সার্জন রেজাউল করিম বলেন, শুধু পৌরসভার ট্রেড লাইসেন্স দিয়ে এই হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল। তাদের বিরুদ্ধে কার্যত এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনা তদন্তের জন্য ডেপুটি সিভিল সার্জন মোজাম্মেল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার সচিব মশিউর রহমান বলেন, এ হাসপাতালটি পরিচালনা করতে পৌরসভার প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় করা হতো। ব্যয়ের কথা ভেবে তা বন্ধ করে ইজারা দেওয়া হয়। এ হাসপাতালে পারভীন আক্তার নামে এক গৃহবধূকে দেড় মাস আটকে রাখার ঘটনা জানার পর তাঁকে সেখান থেকে ২০ জুলাই পুলিশ উদ্ধার করে। পরে আটকে রাখার অভিযোগে হাসপাতালের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, চিকিৎ সক জাহারাতুল ফেরদৌস সহ তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। এ নিয়ে ২১ জুলাই প্রথম আলোতে ‘হাসপাতালে আটক গৃহবধূকে দেড় মাস পর উদ্ধার’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।