ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবি খুলনার ব্যবসায়ীদের
খুলনা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। গতকাল রোববার বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণ করে খুলনা চিংড়ি বণিক সমিতি, বাংলাদেশ হার্ডওয়্যার অ্যান্ড মেশিনারি মার্চেন্টস অ্যাসোসিয়েশন খুলনা সার্কেল, মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ, খুলনা টিভি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠন মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সিটি করপোরেশন ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ট্রেড লাইসেন্স ফি নির্ধারণ করেছে। বর্ধিত এ ফি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার অন্তরায়। তাঁরা অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান।
খুলনা সিটি করপোরেশনের প্রধান লাইসেন্স কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ট্রেড লাইসেন্সের বর্ধিত ফি সিটি করপোরেশন থেকে করা হয়নি। সরকার গেজেট করেই এ ফি নির্ধারণ করেছে। তা ছাড়া কিছু জায়গায় অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। যেমন মিনারেল ওয়াটার আগে ছিল দুই হাজার টাকা। সেটা নতুন গেজেটে করা হয়েছে ২০ হাজার টাকা। সোনার ছোট ও বড় দোকানের লাইসেন্স ফি আগে ছিল এক হাজার ও দুই হাজার টাকা। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে পাঁচ হাজার ও ১০ হাজার টাকা।