ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন
নৌপরিবহন সেক্টরসহ খুলনার সব ব্যবসার ওপর ট্রেড লাইসেন্স ফি বাড়ানোয় ব্যবসা টিকিয়ে রাখা দুরূহ হয়ে পড়েছে বলে দাবি করেছে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ। সিটি করপোরেশন বর্ধিত ফি না কমালে তারা কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
গতকাল বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ ও মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির নেতারা এই হুঁশিয়ারি দেন। তাঁরা বলেন, সিটি করপোরেশন একটি সেবাপ্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে সেটা ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই ট্রেড লাইসেন্স ফি বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত নৌপরিবহন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন করতে এক হাজার টাকা লাগত। চলতি অর্থবছর থেকে ৬ হাজার ৯০০ টাকা পরিশোধ করতে হচ্ছে। এই হিসাবে খুলনা অঞ্চলে নৌপরিবহন ব্যবসায়ীদের বছরে গড়ে তিন কোটি টাকা অতিরিক্ত ফি পরিশোধ করতে হবে। এই অঞ্চলে এ ব্যবসার সঙ্গে ছোট-বড় মিলিয়ে পাঁচ হাজার ব্যবসায়ী আছেন। চলতি বাজেটে নৌপরিবহন সেক্টরের বিভিন্ন খাতে ফি বাড়ানো হয়েছে। তার ওপর ৫৯০ শতাংশ ট্রেড লাইসেন্স ফি বাড়ানোয় এই সেক্টরের ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে।
সরকারি গেজেটের মাধ্যমে সিটি করপোরেশনকে ট্রেড লাইসেন্স ফি বাড়ানোর জন্য বলা হয়েছে। তাহলে করপোরেশন দায়ী কীভাবে—এমন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, গাজীপুর, বরিশাল, ঢাকা দক্ষিণসহ অনেক সিটি করপোরেশন বর্ধিত ফি নিচ্ছে না। তারা পারলে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পারবে না কেন? তা ছাড়া গেজেটে ঘোষিত সর্বোচ্চ ফিই নিচ্ছে কেসিসি।
সংবাদ সম্মেলনে নৌপরিবহন সেক্টরসহ খুলনার সব ব্যবসায়ীকে বাঁচিয়ে রাখতে কেসিসি মেয়রকে বর্ধিত ফি না নিয়ে আগের ফিতে ট্রেড লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান তাঁরা।
মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি এস এম আকবর হোসেন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের সাবেক মহাসচিব ওহিদুজ্জামান খান, যুগ্ম মহাসচিব কাজী গোলাম ফারুখ, পরিচালক ওসমান গণি, সচিব আতাহার আলী প্রমুখ।