ট্রেডমার্ক নিয়ে বিরোধ নিষ্পত্তির সময় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

ট্রেডমার্ক নিয়ে বিরোধ নিষ্পত্তির সময়সীমা বাড়ছে। বর্তমানে ১২০ কর্মদিবসের মধ্যে এই বিরোধ নিষ্পত্তি করতে হয়। এই সময় বাড়িয়ে ৩৬০ কর্মদিবস করা হচ্ছে। নতুন এই সময় বৃদ্ধি করে ট্রেডমার্ক (সংশোধন) আইন-২০১৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এখন এটি সংসদে পাস হলে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূল আইনটি হয়েছিল ১৯৪০ সালে। পরে সেটি ২০০৯ সালে নতুন করে আবার করা হয়। কিন্তু তাতে ট্রেডমার্ক বিরোধ নিষ্পত্তিতে যে সময়সীমা রাখা হয়েছে, অভিজ্ঞতায় দেখা যায়—তা অবাস্তব। বাস্তবে এ বিরোধ নিষ্পত্তি সম্ভব হয় না। কারণ, সাতটি ধাপে এ বিরোধ নিষ্পত্তি করতে হয়। এ জন্য মন্ত্রিসভা ৩৬০ কর্মদিবস করার প্রস্তাব অনুমোদন করেছে। এ ছাড়া আইনটিতে কিছু ভাষাগত ও অস্পষ্টতা দূর করা হয়েছে।

সচিব জানান, আজকের সভায় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলো তিন মাসে বাস্তবায়নের প্রতিবেদন তুলে ধরা হয়। গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৫টি সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ৩৩টি বাস্তবায়ন হয়েছে, এর মধ্যে পাঁচটি আইন আছে।