ট্রেন এলে ভাঙে, চলে গেলে বসে বাজার
ট্রেনের হুইসেল শুনলেই শুরু হয় চিৎকার-চেঁচামেচি, ছোটাছুটি। ব্যবসায়ীরা রেললাইনের ওপর থেকে সরে দাঁড়াতে একযোগে সবাইকে চিৎকার করে সতর্ক করেন। ট্রেন চলে গেলে ফের শুরু হয় বেচাকেনা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের রোজকার দৃশ্য এটি। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর ব্যবসা করে আসছেন। ইতিপূর্বে দুর্ঘটনায় এক মাছ-ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এর পরপরই তাঁরা বাজারটি স্থানান্তরের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। বারবাজারের মাছ-ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাসমত আলী জানান, তাঁরা শুনেছেন ১৯৩৬ সালে বাজারটি প্রতিষ্ঠিত হয়। বারবাজার এলাকাটি পুকুর, নদী-নালা, খাল-বিলে ভরা। যে কারণে এখানে প্রচুর মাছ পাওয়া যায়। এই মাছ বিক্রির সুবিধার্থে বাজারটি বসানো হয়েছিল। প্রথমে রেলওয়ের জায়গায় বাজার বসানো হলেও পরে জায়গা বন্দোবস্ত নেওয়া হয়। বর্তমানে এই বাজারে ২৮টি আড়ত ও চার শতাধিক ব্যবসায়ী রয়েছেন। প্রতিদিন তিন থেকে চার হাজার মণ মাছ কেনাবেচা হয় এখানে। হাসমত আলী আরও জানান, রেলওয়ের কাছ থেকে লাইনের দুই ধারের ৪৯ শতাংশ জমি বন্দোবস্ত নেওয়া আছে। কিন্তু বাজারের কেনাবেচা ও ব্যবসায়ীর সংখ্যা বাড়ায় এখন ৩০০ শতাংশ জমির প্রয়োজন। এই জায়গা না থাকায় ব্যবসায়ীরা লাইনের ওপর বসতে বাধ্য হচ্ছেন। তা ছাড়া রেললাইনের দুই পাশের আড়তগুলোর পেছনে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা। যার কারণে আড়তগুলো পিছিয়ে নেওয়ারও সুযোগ নেই। ফলে লাইনের ধার ঘেঁষে আড়তগুলো গড়ে উঠেছে। এই আড়তে আসা লোকজন ট্রেন লাইনের ওপর দিয়ে চলাচল করে। পার্শ্ববর্তী মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার খান মনিরুজ্জামান জানান, খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত ২০৪ কিলোমিটার রেললাইন রয়েছে। যেটা দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগের একমাত্র লাইন। এ লাইন দিয়ে প্রতিদিন আন্তনগর ট্রেন আপ ছয়টি ও ডাউন ছয়টি এবং মেইল ট্রেন আপ তিনটি ও ডাউন তিনটি চলাচল করে। এ ছাড়া রয়েছে মালবাহী ট্রেনের আসা-যাওয়া। ফলে লাইনটি সব সময় ব্যস্ত থাকে। বারবাজারের মাছ-ব্যবসায়ী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, ট্রেন আসতে দেখলেই শুরু হয় তাঁদের চিৎকার। চিৎকার করে একজন আরেকজনকে সতর্ক করেন তাঁরা। এই চিৎকার শুনে সবাই রেললাইন ছেড়ে সরে দাঁড়ান। ট্রেন চলে যাওয়ার পর আবার তাঁদের ব্যবসা স্বাভাবিক হয়। তিনি বলেন, ‘অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা এখানে ব্যবসা করছি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা জানান, ব্যবসায়ীরা বিষয়টি তাঁকে জানালে তিনি সরেজমিনে বাজারটি দেখতে গিয়েছিলেন। এ অবস্থায় বাজার চলা খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। ইউএনও বলেন, ‘ইতিমধ্যে বাজারটি অন্যত্র স্থানান্তরের ব্যাপারে আলোচনা হয়েছে। সেভাবে জমি দেখা হচ্ছে। বাজারটি স্থানান্তরের ব্যাপারে প্রশাসনিকভাবে সব সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।