ট্রেন ও বিমানে বিএনপির নেতা-কর্মীদের চট্টগ্রাম ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দিতে ট্রেন ও বিমান ছাড়া অন্য কোনো বাহনে গতকাল রোববার বিএনপির নেতা-কর্মীরা রওনা হতে পারেননি। ঢাকায় যাওয়ার মুহূর্তে নগর ছাত্রদলের এক নেতাকে গতকাল বিকেলে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে শনিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত গ্রেপ্তার করা হয় বিএনপির আরও ২৮ জন কর্মী-সমর্থককে।এদিকে চারদলীয় জোটের ঢাকার কর্মসূচির প্রভাব চট্টগ্রামেও পড়েছে। গতকাল রোববার দিনভর সাধারণ মানুষ কর্মব্যস্ত সময় পার করেছে। তবে আগের দিন শনিবার রাতে নগরের সড়কগুলো প্রায় ফাঁকা ছিল। গতকালও সন্ধ্যার পর একই চিত্র দেখা গেছে চট্টগ্রামে। লোকজন অজানা আশঙ্কায় তাড়াতাড়ি বাসাবাড়িতে চলে যায়।এদিকে গত শনিবার বিকেল থেকে চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকার সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন ছিল। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপও ছিল কম। তবে বন্দরনগর চট্টগ্রামের সঙ্গে বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী, পার্বত্য চট্টগ্রামসহ কক্সবাজার পথের গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।পুলিশ সূত্র জানায়, নগরের চারটি প্রবেশপথসহ সাতটি মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়। সেখান থেকে পুলিশ বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। তবে এসব তল্লাশি অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। অলংকারের সিটি গেট, কর্ণফুলী তৃতীয় সেতুর মাথা, অক্সিজেন ও কাপ্তাই সড়কের মাথাগুলো প্রবেশপথ হিসেবে পরিচিত।উপপুলিশ কমিশনার আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গাড়ি চলাচলের ওপর পুলিশ কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তবে আগের নিয়মে নিরাপত্তা চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য কেউ বহন করছে কি না, তা দেখতে এই অভিযান চলছে।পুলিশের তল্লাশির মুখে গতকাল বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে যাত্রীরা ভিড় করেনি। নগরের প্রবেশপথ অলংকার মোড়ের অস্থায়ী বাস টার্মিনালে দূরপাল্লার গাড়িগুলোকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ অবস্থায় সিটি গেটের সামনে বিভিন্ন বাসে পুলিশ তল্লাশি চালায়, যা বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী পথের বলে জানা যায়।সড়কপথে গাড়ি চলাচল কার্যত বন্ধ থাকার কারণে ট্রেন ও বিমানে করে গতকাল বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকায় রওনা হন। গতকাল দিনভর চট্টগ্রাম স্টেশনে সাদা পোশাকে পুলিশ তৎপর ছিল। সেখান থেকে নগর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক কামরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। মহানগর গোধূলী এক্সপ্রেসে করে তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। যদিও ওই ট্রেনে বিএনপি ও ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাত্রা করতে পেরেছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কামরুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।ছাত্রদলের নেতা কামরুল বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। পুলিশ বিনা কারণে আমাকে আটক করেছে।’এদিকে শনিবার রাতে একাধিক অভিযানে গ্রেপ্তার হওয়া বিএনপির ২৮ জন কর্মী-সমর্থককে গতকাল আদালতে হাজির করা হয়।