সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ১


চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ মঙ্গলবার ভোরে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছে। একটি লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনার পর সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের কয়েকটি চাকা ও চারটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। থানা-পুলিশ, রেল-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আছেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে কাভার্ড ভ্যানচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস, ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুঁড়ো দুধ বোঝাই অন্তত চারটি কাভার্ড ভ্যান ভোরে বাড়বকুণ্ড বাজার পার হয়ে লেভেল ক্রসিং দিয়ে স্থানীয় একটি কারখানায় যাচ্ছিল। তিনটি কাভার্ড ভ্যান লেভেল ক্রসিং পার হয়। এর মধ্যে একটি ভ্যানের ইঞ্জিন লেভেল ক্রসিংয়ে বন্ধ হয়ে যায়। এ সময় বিজয় এক্সপ্রেস ট্রেনটি ওই লেভেল ক্রসিংয়ে থেমে থাকা কাভার্ড ভ্যানটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনের পেছনের দিকের কয়েকটি চাকা ও চারটি বগি লাইনচ্যুত হয়। বগির নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হন। আহত হন ট্রেনের নয়জন যাত্রী ও কাভার্ড ভ্যানচালক। সংঘর্ষে কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে ঢাকামুখী রেল লাইনের ওপর ছিটকে পড়ে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফকরুদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. নুর বলেন, দুজনের মাথায় গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড রেল স্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া বলেন, দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশনে আটকা পড়েছে। রেল লাইনের উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নুরুন্নবীর ভাষ্য, ঘটনার সময় ওই রেল ক্রসিংয়ের গেটে কোনো গেটম্যান ছিলেন না। চারটি কাভার্ড ভ্যানের মধ্যে তিনটি রেল লাইন পার হয়ে যায়। একটির ইঞ্জিন নষ্ট হয়ে রেল লাইনের ওপর থেমে থাকে। কয়েকজন মিলে ঠেলে কাভার্ড ভ্যানটিকে সরানোর চেষ্টা করেন। এর মধ্যে ট্রেনটি চলে আসে। বিকট শব্দে সংঘর্ষ হয়।
দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক আবদুল জলিলের ভাষ্য, কাভার্ড ভ্যানটিকে থেমে থাকতে দেখে অনেক দূর থেকেই বারবার হর্ন বাজিয়ে সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ি সরছিল না। পরে গতি কমিয়ে ট্রেন থামানোর চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে আসেনি।