ট্রেন-কার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার জামতলা মানিকদিহি রেলক্রসিংয়ে ট্রেন ও ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) সংঘর্ষে নিহত মানুষের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের সবাই প্রাইভেট কারের যাত্রী। এর মধ্যে দুই শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রেলওয়ের ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারে থাকা এক নারীকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুর উপজেলার বেসরকারি উন্নয়ন সংস্থা সমতা ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম (৩৫), প্রাইভেট কারের চালক আবদুল হাকিম, খতিয়াখালী গ্রামের জয়া রানি দাস (৭৫), তাঁর নাতি বাঁধন দাস (১২) ও চয়ন দাস (১০)। জয়া রানির মেয়ে দীপিকা রানি দাস (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উন্নয়নকর্মী রেজাউল করিম কেশবপুর উপজেলার পাচারই গ্রামের আবদুল কাদেরের ছেলে আর চালক আবদুল হাকিম বায়সা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রেজাউল করিম সংস্থার কাজে ব্যক্তিগত গাড়িতে করে যশোরে যাচ্ছিলেন। এ সময় জয়া রানিসহ পরিবারের চারজন ওই গাড়িতে ওঠেন যশোরে আসার জন্য। যশোর সদর উপজেলার তীরের হাট গ্রামে জয়ার মেয়ে দীপিকার শ্বশুরবাড়িতে মেয়ে ও নাতিকে রাখতে যাচ্ছিলেন। গাড়িটি তীরেরহাট গ্রামের অদূরে মানিকদিহি জামতলা রেলক্রসিংয়ে উঠলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রেলওয়ের চিত্রা এক্সপ্রেসের সামনে পড়ে। ট্রেনটি রেললাইনের ওপর দিয়ে অন্তত আধা কিলোমিটার গাড়িটি ঠেলে নিয়ে যায়। এতে করে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী মৃধা প্রথম আলোকে বলেন, মানিকদিহি রেলওয়ে ক্রসিংটা অরক্ষিত। রেলওয়ের কোনো লোকও দায়িত্বে নেই। অসতর্কভাবে গাড়ির চালক রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।
অরক্ষিত রেলক্রসিংয়ের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে যশোর জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. বদরুজ্জামান বলেন, মানিকদিহির ওই রেলক্রসিংটি আনম্যান গেট। যে কারণে নিজ দায়িত্বে ক্রসিং পারাপার হওয়ার জন্য সাইনবোর্ড টাঙানো আছে।