ট্রেন চলছে ৭-৮ ঘণ্টা বিলম্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ার পর থেকে সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেনগুলো সাত থেকে আট ঘণ্টা দেরি করে চলাচল করছে। অতি বিলম্বের কারণে গতকাল বুধবার সিলেট-আখাউড়া পথে চলাচলকারী কুশিয়ারা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।
কমলগঞ্জের শমশেরনগর স্টেশনের কর্মকর্তারা বলেন, হবিগঞ্জের রশিদপুর স্টেশন এলাকায় গত রোববার ভোরে চট্টগ্রামগামী তেলবাহী একটি ট্রেনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন থেকে ট্যাংকারগুলো সরিয়ে নিলে ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। পরদিন থেকে সিলেট-ঢাকা পথে চলাচলকারী ট্রেনগুলো মোটামুটি সময়মতো চলাচল করলেও চট্টগ্রাম পথের সবগুলো ট্রেন সাত থেকে আট ঘণ্টা দেরি করে চলাচল করছে।
স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সকাল ছয়টায় শমশেরনগর স্টেশন অতিক্রম করার কথা। কিন্তু এটা এখন বেলা ১১টায় শমশেরনগরে আসছে আর বেলা একটায় সিলেট পৌঁছাচ্ছে। চট্টগ্রামের দিকে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস সকাল ১০টায় সিলেট থেকে ছাড়ার কথা। কিন্তু ট্রেনটি ছাড়ছে বেলা সাড়ে তিনটার দিকে। চট্টগ্রাম-সিলেট পথের আপ-ডাউন দুটি পাহাড়িকা এক্সপ্রেস, আপ-ডাউন দুটি উদয়ন এক্সপ্রেস ও দুটি জালালাবাদ এক্সপ্রেস ট্রেন গড়ে আট ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
ট্রেনের সময়সূচির বিলম্বের কারণে গতকাল বুধবার আখাউড়া-সিলেট পথে চলাচলকারী ১৭ নম্বর আপ ও ১৮ নম্বর ডাউন কুষ্টিয়ার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, রশিদপুরের দুর্ঘটনার পর এ সমস্যার সৃষ্টি হয়। এ ছাড়া চট্টগ্রাম-ঢাকা রেলপথের উন্নয়নমূলক কাজ হওয়ায় মাঝেমধ্যে অনেক স্থানে দাঁড়াতে হয়, আবার কিছু কিছু স্থানে ধীরে চলতে হয়। তবে দ্রুত সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনের সময়সূচি স্বাভাবিক হয়ে যাবে।