ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি স্টেশন মাস্টারদের
সহকারী স্টেশনমাস্টারের পদ এক ধাপ নিচে নামিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রতিবাদে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়ন। ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মোখলেছুর রহমান। তিনি বলেন, সহকারী স্টেশনমাস্টার পদটি আগে বেতন স্কেলের ১৫তম গ্রেডে ছিল। কিন্তু গত বছরের অক্টোবর মাসে ২৭০ জন সহকারী স্টেশনমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তিতে এই পদটিকে ১৬তম গ্রেড হিসেবে দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে স্টেশনমাস্টারদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে বেতন স্কেল নির্ধারণসহ রেলের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এন ভট্টাচার্য, কার্যকরী সভাপতি মোহাম্মদ হোসেন মজুমদার, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শওকত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিটির নেতা মরণচন্দ্র দাশ, বেলায়েত হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্টেশনমাস্টারদের ১৬ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়। অথচ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কোনো ভাতা দেওয়া হয় না। এ ছাড়া স্টেশনমাস্টারদের সাপ্তাহিক ছুটি নেই। ঈদ, পূজা-পার্বণেও দায়িত্ব পালন করতে হয়।
আন্দোলনের হুমকির বিষয়ে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্টেশনমাস্টারদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ১৯৭৭ সাল থেকে আমরা দেনদরবার করে গ্রেড ওপরের দিকে নিতে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু দাবি তো মানা হয়নি। বরং এক ধাপ নিচে নামিয়ে দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ ঠেকানোর জন্য আমরা উচ্চ আদালতে যাব। পাশাপাশি আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই ঘোষণায় রেল চলাচল বন্ধ করে দেওয়ার কর্মসূচি আসবে।’
স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের ট্রেন চলাচল বন্ধের হুমকির বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্টেশনমাস্টাররা রেলের অপরিহার্য অংশ। তাঁরা তো আমার কাছে কোনো দাবি নিয়ে আসেননি। তাঁদের দাবি যুক্তিসংগত হলে এবং আইনগত ভিত্তি থাকলে আমরা অবশ্যই সেটা বিবেচনা করব।’