ট্রেন চলাচল সাইনবোর্ডে আছে, বাস্তবে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচলের সময়সূচির সাইনবোর্ড ঝুলানো রয়েছে। কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত বদরগঞ্জ-পার্বতীপুর-রংপুর পথে কোনো ট্রেন চলাচল করে না। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
ভুক্তভোগী যাত্রী ও বদরগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষ গত ১ জুলাই পার্বতীপুর-বদরগঞ্জ-রংপুর পথে ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারণ করে তালিকা-সংবলিত একটি সাইনবোর্ড বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঝুলিয়ে দেয়। এতে দুটি মেইল ট্রেনসহ চারটি ট্রেন নিয়মিত চলাচলের সময়সূচি রয়েছে। ট্রেনগুলো হচ্ছে লোকাল ট্রেন (নম্বর ৪১২), মিশ্র ট্রেন (৪১৪), পার্বতীপুর কমিউটার (৭০) ও রামসাগর এক্সপ্রেস (৬০)। কিন্তু বাস্তবে ট্রেনগুলো চলছে না। রাতে ট্রেন চলাচল না করায় বদরগঞ্জ থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট, কাউনিয়া, রংপুর, দিনাজপুর, পার্বতীপুর, খোলাহাটিসহ অন্তত ২০টি স্টেশনে যাতায়াত করতে পারছে না যাত্রীরা। এসব স্টেশনে যাতায়াতকারী যাত্রীরা ভোরে ট্রেন আসার অপেক্ষায় বদরগঞ্জ স্টেশনেই নিয়মিত রাত যাপন করে। এভাবে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
আমরুলবাড়ী গ্রামের নূর মোহাম্মদ ও ইদ্রিস আলী জানান, ব্যবসায়িক কারণে তাঁরা মালামাল নিয়ে বদরগঞ্জ থেকে নিয়মিত কুড়িগ্রামে যাতায়াত করেন। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বদরগঞ্জের ওপর দিয়ে ট্রেন চলাচল না করায় বাধ্য হয়ে তাঁদের স্টেশনের প্ল্যাটফর্মেই রাত যাপন করতে হয়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
গত শনিবার মধ্যরাতে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী বিলকিস বেগম (২৮) বলেন, ‘লালমনিরহাট যাব। রাতে ট্রেন নাই। ভোর চারটায় নাকি ট্রেন আসবে। বাধ্য হয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে আছি। এখানে থাকারও কোনো জায়গা নেই। মহিলা মানুষ ভয়ে আছি।’
বদরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল মাজেদ জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ভোর চারটা পর্যন্ত সাড়ে নয় ঘণ্টা বদরগঞ্জ-পার্বতীপুর-রংপুর পথে কোনো ট্রেন চলাচল করে না। দুটি মেইল ট্রেনসহ চারটি ট্রেনের চলাচল তিন বছর ধরে বন্ধ রয়েছে। অথচ গত ১ জুলাই ওই ট্রেন চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করে সাইনবোর্ড ঝুলানো হয়েছে। এ কারণে যাত্রীদের কাছে তাঁদের নিয়মিত জবাবদিহি করতে হচ্ছে। রাতে কোনো ট্রেন চলাচল না করায় যাত্রীরা পড়ছে মহাবিপাকে। বিশেষ করে নারী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। তবে জনবল-সংকটের অজুহাতে ট্রেনগুলো চালু করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে কথা বলতে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ধীরেন্দ্রনাথ মজুমদারের মুঠোফোনে গত রোববার একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।