ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার গুণবতী এলাকায় একটি মালগাড়ির (কভার এমটি) পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। গুণবতী রেলস্টেশনের পাশে গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ফলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাত ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল শুরু হয়। ফেনী ও লাকসাম রেলস্টেশন সূত্র জানায়, দুর্ঘটনাস্থলের উভয় পাশে পাঁচটি ট্রেন আটকা পড়ে। দুর্ঘটনার সংবাদ পেয়ে লাকসাম ও চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার-তৎপরতা চালায়। রেল সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে আখাউড়া থেকে চট্টগ্রামগামী একটি মালগাড়ি (কভার এমটি) ফেনীর অদূরে কুমিল্লার লাকসামের গুণবতী রেলস্টেশনের আউটারে পৌঁছালে পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে কয়েকটি ট্রেন আটকা পড়ে।