‘২০২০ সালের আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আর আলোচনায় বসার সুযোগ নেই। ট্রেন চলে গেছে। আপনি সময় ফেল করায় ট্রেনে উঠতে পারেননি। চার বছর অপেক্ষা করুন। ট্রেন আসবে, তখন উঠবেন।’
গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সামরিক সরকার ক্ষমতায় আসত। সামরিক সরকার ক্ষমতায় আসুক, খালেদা জিয়া এটা চেয়েছিলেন বলেই নির্বাচনে অংশগ্রহণ করেননি।
শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় সাংসদ হাসিবুর রহমানের সভাপতিত্বে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, উপজেলা চেয়ারম্যান মো. আজাদ রহমান, মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খান, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজ্জাদ হায়দার প্রমুখ।
মন্ত্রী এর আগে শাহজাদপুরের শক্তিপুর এলাকায় ২০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর এবং শাহজাদপুর পৌর শহরের মধ্যে হাসিবুর রহমান স্বপন নামের একটি সড়কের ফলক উন্মোচন করেন।