ট্রেন চালুসহ আট দফা দাবিতে রংপুরে গণস্বাক্ষর অভিযান
রংপুরে আন্তনগর ট্রেনসহ সব বন্ধ ট্রেন অবিলম্বে চালু, পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, স্থগিত বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় চালু, বালাসী-বাহাদুরাবাদ রেলসেতু নির্মাণসহ আট দফা দাবিতে রংপুরে গতকাল বুধবার সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরামের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। গতকাল প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এই গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ব্যানারে সই করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পৌর মেয়র এ কে এম আবদুর রউফ, সাবেক পৌর চেয়ারম্যান কাজী মো. জুননুন, সমাজসেবী ও নারীনেত্রী ফজিলাতুন্নেছা, সাহিত্যিক এম এ বাশার, গণফোরামের আনোয়ার হোসেন, আওয়ামী লীগের শামীম তালুদকার। প্রসঙ্গত, গত জুনে রংপুরের ওপর দিয়ে চলাচলকারী ১০টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আন্তনগর তিস্তা ও একতা একপ্রেস ট্রেন দুটি বিগত জোট সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়।